জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, জাইমা রহমান নিজস্ব পেশাগত সক্ষমতা ও যোগ্যতায় জাতিসংঘের এই পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনও চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনও পদায়ন হয়নি। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনও সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, নিয়োগের যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয় থেকেই বহন করা হচ্ছে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদ ও নিয়োগের তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি।
‘যোগ্যতার ভিত্তিতেই পি-৩ পদে নিয়োগ’
জাতিসংঘের পেশাগত কাঠামোর বিভিন্ন স্তরের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, পি-১ সাধারণত নতুন স্নাতকদের জন্য, পি-২ পদের জন্য ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং পি-৩ পদের জন্য অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয়।
তার দাবি, জাইমা রহমান তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও সক্ষমতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় পি-৩ পর্যায়ের পদে নিয়োগ পেয়েছেন।
জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই কার্যালয়ের প্রকাশিত তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
মাহদী আমিন বলেন, ‘অতীতে আমরা যে ধরনের রাজনৈতিক বা পারিবারিক প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মিশনে পদায়ন কিংবা প্রতিনিধিদলে অন্তর্ভুক্তির সংস্কৃতি দেখেছি, তিনি কিন্তু সেভাবে যাননি। তিনি বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলেরও কোথাও সম্পৃক্ত হননি।’
তিনি আরও বলেন, ‘নিজের মেধার জোরে আন্তর্জাতিক পরিসরে এমন একটি অবস্থানে পৌঁছানোকে আমাদের বরং সাধুবাদ জানানো উচিত। এই ধরনের সফলতাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে অপপ্রচার চালানো কোনোভাবেই কাম্য নয়।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান ও মো. সুজাউদ্দৌল্লা উপস্থিত ছিলেন।









