রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়।

রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানও হয়নি।

রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Ads small one

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ব্রিজ মোড়ের মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মন্দির কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।

অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

এ সময় মন্দিরের ক্যাশিয়ার তুলশি সাধুসহ জগন্নাথ সাধু, বরুণ সাধু, বাপন সাধু, নারায়ণ সাধু, স্বপন সাধু, অরবিন্দ সাধু, কার্তিক সাধু ও অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী ব্রত উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দিরে ভাগবত আলোচনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।