তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শকদের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে শাহাপুর-ভায়ড়া বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শাহাপুর-ভায়ড়া-বারুইহাটি বিলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শকের সমাগমে পুরো বিল এলাকা একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। তালা, সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে আসা ঘোড়া ও অশ্বারোহীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।
শাহাপুর-ভায়ড়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য মফিজুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা মারুফুল ইসলাম মারুফ।
মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজকেরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ খেলাধুলোকে পরিচিত করে তুলতেই এই আয়োজন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
প্রতিযোগিতায় ২৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থান লাভ করে ইউপি সদস্য মফিজুল ইসলামের ঘোড়া ‘আব্দুল রাজ’। বিজয়ী ঘোড়ার মালিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। ২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে বাঘারপাড়ার বাবর আলীর ঘোড়া ‘ডিজে’ (পুরস্কার ৭ হাজার টাকা)।
১৮ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে আমির শেখ ও আবুল মোড়লের ঘোড়া ‘চাচা-ভাতিজা’ (পুরস্কার ৫ হাজার টাকা)। এ ছাড়া ১৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে খুলনার শিরোমণির ঘোড়া ‘পাখি’ এবং ১১ পয়েন্ট পেয়ে বিশেষ পুরস্কার পায় বাঘারপাড়ার আকিমুল ইসলামের ঘোড়া ‘বাহাদুর’। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।








