সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

তালায় গির্জায় হামলা ও ভাঙচুর, আতঙ্কে পালকের পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
তালায় গির্জায় হামলা ও ভাঙচুর, আতঙ্কে পালকের পরিবার

তালা প্রতিনিধি: তালা উপজেলার দোহার গ্রামে ‘বাংলাদেশ মারানআথা চার্চ’ নামের একটি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় একটি চক্র চার্চটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে ধারাবাহিক এই অপতৎপরতা চালাচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। এতে চার্চের পালক ও তাঁর পরিবার চরম নিরাপত্তারহীনতায় ভুগছেন।
চার্চের পালক অমল সরকার জানান, জালালপুর ইউনিয়নের দোহার গ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থনার জন্য এই চার্চটি স্থাপন করা হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই একটি নির্দিষ্ট মহল চার্চের স্বাভাবিক কাজকর্মে বাধা দিচ্ছে। একের পর এক হামলা ও চুরির ঘটনায় বর্তমানে তাঁরা বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন।
পালকের স্ত্রী চন্দনা সরকার অভিযোগ করে বলেন, বিগত কয়েক মাস ধরে তাঁদের ওপর অত্যাচার বেড়েছে। রাতের আঁধারে বড়দিনের গেট ভাঙচুর, রান্নাঘরের আসবাবপত্র নষ্ট করা ও মিশনের চালের ওপর ইট নিক্ষেপ করা হচ্ছে। এমনকি চার্চের গাছ ও অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
চন্দনা সরকার আরও বলেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বারবার জানিয়েও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। উল্টো রাতে শারীরিক নির্যাতনের আশঙ্কায় আমাদের আতঙ্কে থাকতে হয়। স্বাভাবিকভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।” এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও চার্চের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

Ads small one

পাইকগাছার চাঁদখালী গরুর হাট যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
পাইকগাছার চাঁদখালী গরুর হাট যুবককে পিটিয়ে হত্যা

পত্রদূত ডেস্ক: খুলনার পাইকগাছায় হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী গরুর হাট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। নিহত হাসান চাঁদখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজমুল হুদার নেতৃত্বে প্রতিপক্ষের একটি গ্রুপ হাসানকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দুর দাবী: ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
শুভেন্দুর দাবী: ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোববার বলেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টারগুলো থেকে প্রায় ৪ হাজার ৮০০ জন তথাকথিত ‘অবৈধ অভিবাসী’কে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া, আরও ৮৩৬ জন বর্তমানে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন।

শুভেন্দু অধিকারী এই সংখ্যা জানালেও কবে, কখন এবং কোন সীমান্তে দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। একই সঙ্গে, এসব ‘অবৈধ অভিবাসী’র পরিচয় কীভাবে নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে এখনো ভারত সরকার বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশ মোকাবিলা এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের যে ৫৫৬ কিলোমিটার অংশে এখনো বেড়া নির্মাণ করা বাকি রয়েছে, তার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তর করেছে। তিনি বলেন, ‘আমরা প্রায় ১০০ কিলোমিটার জমি বিএসএফকে দিয়েছি এবং উত্তরবঙ্গের চিকেনস নেক করিডরকে অগ্রাধিকার দিয়েছি।’

 

সিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামে বেশি পরিচিত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ রক্ষাকারী একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। সরকারের প্রত্যাবাসন কার্যক্রমের কথা তুলে ধরে অধিকারী বলেন, যেসব অবৈধ অভিবাসী নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় পড়েন না, তাদের কেন্দ্রীয় সরকারের বিধি অনুসারে সরাসরি বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 

তিনি অভিযোগ করেন, দেশের অন্যান্য অংশে এ ধরনের বিধান কার্যকর করা হলেও পূর্ববর্তী তৃণমূল সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে অবৈধ অভিবাসীরা সরকারি খরচে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অবস্থান করার সুযোগ পেয়েছে।

 

এদিকে, গতকাল রোববার পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা ১০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রায় ৭০ ঘণ্টা পর নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাতে বিজিবির সঙ্গে যোগাযোগের পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় সীমান্তের ফ্লাডলাইটও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার দিবাগত রাতে বিজিবির সঙ্গে যোগাযোগের পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় সীমান্তের ফ্লাডলাইটও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ১০ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ১০ জন আটক

অনলাইন ডেস্ক: যশোরের ধর্মতলা এলাকায় ফের যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। রোববার বিকেলে ২০-২৫ জনের একটি দল যুবলীগের ব্যানার নিয়ে নানা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিলো সার্বিক ব্যবস্থাপনায় হাজী আলমগীর কবীর সুমন। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

পরে সেখানে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। সন্দেহজনকভাবে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এখনি নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।

 

উল্লেখ্য, এরআগে শহরের বাবলাতলা, গরীবশাহ, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা শ্লোগান দিয়ে মিছিল করা। এসব ঘটনায়ও জড়িতথাকার অভিযোগে অসংখ্য নেতাকর্মীকে আটক করে।