তালায় জামায়াত ইসলামীর আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র্যালি
নিজস্ব প্রতিনিধি: তালায় জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, তালা উপজেলা শাখার আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা পুরাতন হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, ছাত্রশিবির নেতা আনোয়ার হোসেন, মাওলানা কবিরুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা থানা সভাপতি মাস্টার আমিনুর রহমান, খলিলনগর ইউনিয়ন জামায়াতের আমির আকবর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধি পেলে যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নৈতিক মূল্যবোধের বিকল্প নেই।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।












