দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ও আশাশুনি উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবাদুল, আরিফুল, সামাদ, খাইরুলসহ তাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল চারটায় বড় শান্তা প্রাইমারি স্কুলের সামনে দুই উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র ম-ল, জামায়াত কর্মী কোহিনুর ইসলাম, বন্ধু মহল সংগঠনের সভাপতি অজয় কুমার ম-ল, টিকেট পূজা ম-পের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার এবং বদরতলা বাজার কমিটির সভাপতি কামরুল ইসলাম। মানববন্ধনে স্থানীয় শত শত মৎস্য ঘের ব্যবসায়ী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এই সন্ত্রাসী বাহিনী স্থানীয় মৎস্য ঘেরগুলোতে সাধারণ মানুষকে জিম্মি করে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও চুরিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।












