দেবহাটায় প্রান্তিক দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।
তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন,উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নগদ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শেষে আয়োজকদের পক্ষ থেকে সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।












