দেবহাটার কুলিয়া নতুন বাজারে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া নতুন বাজারের অব্যবস্থাপনা দূর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন কমিটি না থাকায় বাজারের পরিচ্ছন্নতা, বিশেষ করে মাছ, মাংস ও কাঁচা বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় স্থবিরতা দেখা দিয়েছিল। বাজারের পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নির্দেশনায় এই নতুন কমিটি গঠন করা হয়।
কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র মন্ডলকে সর্বসম্মতিক্রমে এই কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মেহেদী হাসান সবুজ, মাওলানা সাদিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, আব্দুল হান্নান, অহিদুজ্জামান, ওমর ফারুক মুকুল, রুহুল আমিন।
এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন আজিজুর রহমান, আব্দুল কালাম, রবিউল ইসলাম, আবুল হোসেন, আমিনুর রহমান, শাহিন হোসেন ও নাসিরুল ইসলাম। সভায় জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই আহ্বায়ক কমিটি মাংস বাজার ও কাঁচা-মাছ বাজারসহ বাজারের সার্বিক তদারকি করবে। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নবগঠিত কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






