প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার
নিজস্ব প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্ন করায় বাংলাট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান সরদারকে নগদ অর্থ, সনদ ও স্মারক প্রদান করা হয়েছে।
গত ২৮ জুন (রবিবার) পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা’ শীর্ষক এক সম্মিলনে তার হাতে এই সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ফেলোশিপ প্রদান করা হয়।
‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের (EU) আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে (ECSAP)” প্রকল্প বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ফেলো সাংবাদিকদের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আসাদুজ্জামান সরদার। তিনি তাঁর বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সরকারি পরিষেবা প্রাপ্তিতে গণমাধ্যমের ভূমিকা এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন।
সম্মিলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো: সাজ্জাদুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র সম্পাদক মীর মাসরুর জামান, ভিক্টিম সাপোর্ট সেন্টারের অ্যাসিস্টেন্ট কমিশনার মনোয়ারা আক্তার রিফাত প্রমুখ।
প্রসঙ্গত, আসাদুজ্জামান সরদার সম্প্রতি আর্থ জার্নালিজম নেটওয়ার্ক এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ এবং ২০২৫ সালে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন।






