শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন

মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে পাকিস্তানে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের বার্মিংহামের তিন বাসিন্দাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বার্মিংহাম ক্রাউন কোর্টের এই রায়কে যুক্তরাজ্যের আইনি ইতিহাসে এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

দোষী সাব্যস্ত তিনজন হলেন বার্মিংহামের বাসিন্দা মোহাম্মদ বশির (৫৫), খাতুন বি (৫৫) এবং মোবিন আখতার (৩৮)। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পরিচালিত এক ফৌজদারি মামলার বিচার শেষে এই রায় দেওয়া হয়। মানসিক সক্ষমতাহীন কোনও ভুক্তভোগীর সম্মতি ছাড়া বিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে এটিই প্রথম সাজা। ২০২৪ সালের শরৎকালে ওই তরুণীকে প্রতারণার মাধ্যমে পাকিস্তানে নেওয়া হয়েছিল। পরে ফেরার পথে বার্মিংহাম বিমানবন্দর থেকে পুলিশ তাদের আটক করে।

২০২৪ সালের ৪ নভেম্বর তরুণীকে শোষণ ও পাচারের বিষয়ে জরুরি তথ্য পাওয়ার পর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পাবলিক প্রোটেকশন ইউনিট তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, বিয়ের চুক্তি বোঝার বা সম্মতি দেওয়ার মানসিক সক্ষমতা না থাকা সত্ত্বেও শুধু বিয়ের উদ্দেশ্যেই তাকে বার্মিংহাম থেকে পাকিস্তানে নেওয়া হয়েছিল। অভিযুক্তরা ফিরছেন, এমন তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর বার্মিংহাম বিমানবন্দরে অভিযান চালিয়ে বশির, খাতুন ও আখতারকে আটক এবং তরুণীকে উদ্ধার করে পুলিশ। বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদে তরুণীটি বুঝতে পারেননি যে তিনি কীভাবে প্রতারিত ও শোষিত হয়েছেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৪ সালের অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পুলিশিং অ্যাক্ট-এর আওতায় জোরপূর্বক বিয়ে ফৌজদারি অপরাধ হলেও কেবল মানসিক সক্ষমতার অভাবে সাজা বিরল। আইনটি চালুর পর যুক্তরাজ্যে এ ধরনের ঘটনায় এ পর্যন্ত আটটি মামলায় সাজা হয়েছে, যার তিনটি তদন্ত করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। রাষ্ট্রপক্ষ প্রমাণ করে যে বিয়ের প্রকৃতি বা পরিণতি বোঝার মানসিক সক্ষমতা তরুণীটির ছিল না। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, সম্মতি দেওয়ার মানসিক সক্ষমতা না থাকলে শারীরিক বলপ্রয়োগ ছাড়াও বিয়ের আয়োজন দণ্ডনীয় অপরাধ। জুরি বোর্ডের রায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করে পরবর্তী তারিখে সাজা ঘোষণার আগ পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএসআইও মিন্ডি মাহিল ও রেবেকা পিউ ঘটনাটিকে বিশ্বাসের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। রায়ের পর মিন্ডি মাহিল বলেন, এই তিনজন অত্যন্ত অসহায় এক তরুণীর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বার্মিংহাম থেকে পাকিস্তানে নিয়ে বিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে শুরুতেই স্পষ্ট ছিল যে, তরুণীটি প্রতারণার শিকার হয়েছেন এবং বিয়েতে সম্মতি দেওয়ার মতো মানসিক অবস্থা তার ছিল না। এই স্পর্শকাতর তদন্তের পুরো সময়জুড়ে তার নিরাপত্তাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সম্মতি ছাড়া কাউকে জোরপূর্বক বিয়ে দেওয়া একটি চরম নির্যাতন ও নিয়ন্ত্রণের শামিল। আমরা সবসময় এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

অভিযুক্তরা বার্মিংহাম থেকে গিয়ে একই বিমানবন্দর দিয়ে ফেরায় তদন্তকারীরা দেশের বাইরে সংঘটিত অপরাধের বিচারসংক্রান্ত আইন প্রয়োগ করতে পেরেছেন। ভুক্তভোগীর পরিচয় ও নিরাপত্তা গোপন রাখতে দোষী সাব্যস্তদের বয়স ও ঠিকানা ছাড়া অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Ads small one

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৭-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ নভেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এতে ক্লাবের ৮৯ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নির্বাচনের সময়সূচি চূড়ান্ত ও অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা, ৪ ডিসেম্বর বিকেল ৪টায় সংশোধিত ভোটার তালিকা এবং ৫ ডিসেম্বর রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ ও ৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শুনানি ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর বিকেল ৫টায়।

এ ছাড়া ২৮ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। প্রেসবিজ্ঞপ্তি

যশোরে কৃষক সংগ্রাম সমিতির ২৩ সদস্যের জেলা কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
যশোরে কৃষক সংগ্রাম সমিতির ২৩ সদস্যের জেলা কমিটি গঠন

সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্বাস

যশোর প্রতিনিধি: কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার ১৩তম জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে সোহরাব উদ্দিন মাস্টারকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) যশোর টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় সার, বীজ, কীটনাশক ও সেচের বিদ্যুৎ-ডিজেল বিনামূল্যে সরবরাহ এবং অন্যান্য কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমানোর দাবি জানানো হয়।

সম্মেলনে বক্তারা বলেন, চলতি বছর আলু, পেঁয়াজ, ধান, চামড়া ও পাটের ন্যায্যমূল্য থেকে কৃষক বঞ্চিত হয়েছেন। অন্যদিকে ভূমিহীন, দরিদ্র কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষকে উচ্চমূল্যে কৃষিপণ্য কিনতে হচ্ছে। কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মধ্যে খাসজমি বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী ও ভূমিহীন কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। কৃষি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান বক্তারা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বি এম শামীমুল হক, ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আহাদ আলী লস্কর ও সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সেজুতি শাকিলা, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন।

জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সম্মেলনে লিখিত রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনা করেন জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জেলা দপ্তর সম্পাদক জাকির হোসেন মাস্টারসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতারা।

সম্মেলনের শুরুতে সকাল সাড়ে ১১টায় শাহজাহান কবির দলীয় পতাকা এবং আশুতোষ বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলা সাড়ে ১২টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। পুরো কর্মসূচি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

বাঁশদহায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
বাঁশদহায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা বলফিল্ড জামে মসজিদ ও মক্তবের উন্নয়নকল্পে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক ও অধ্যাপক আলহাজ ডা. মো. মোরশেদুল হক।

মাহফিলে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী ফররুখ আহমেদ বকুল, ডা. নজরুল ইসলাম, মাওলানা রমজান আলী, মাস্টার মো. আব্দুল্লাহ ও মেম্বার পদপ্রার্থী মো. মহিবুল হক (পলাশ)।

বক্তারা ইসলামের আদর্শ অনুসরণ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও আলেমদের নির্দেশনা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মসজিদ ও মক্তবের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কারি মফিজুল ইসলামের পরিচালনায় মাহফিলে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।