তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি
Oplus_131072
এমএ রহিম, বেনাপোল (যশোর): ভারতে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী ও পুরুষ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নাজমুল হাওলাদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। অন্যজনের পরিচয় গোপন রাখতে ছদ্মনাম নয়নতারা ব্যবহার করা হয়েছে। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বড়দল গ্রামে।
পুলিশ জানায়, কাজের সন্ধানে ভারতে গিয়ে ঝাড়খ- রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করে পুলিশ। পরে আদালত তাঁদের তিন বছরের কারাদ- দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে দেশে ফেরা দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, সংস্থার পক্ষ থেকে তাঁদের শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।












