শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদের ৮০ তলা ভবনে হুতিদের হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
রিয়াদের ৮০ তলা ভবনে হুতিদের হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছোড়া একটি প্রজেক্টাইল ভবনটিতে আঘাত হানে। এতে ৮০ তলা ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি স্থাপনাও। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পিআইএফের সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে আর্থিক কেন্দ্রের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়। ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েনের পাশাপাশি জরুরি উদ্ধারকারী দল নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুতিদের এমন কর্মকাণ্ড বেসামরিক অবকাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

রিয়াদের আর্থিক কেন্দ্রে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় স্থাপনায় হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনে হামলা চালানো হয়। ওই ঘটনায়ও স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

Ads small one

মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

বেঙ্গালুরুতে মায়ের প্রেমিকের হাতে ১৮ বছর বয়সী এক তরুণ হাতুড়ি ও ছুরির আঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারীকে ভাড়া করা অ্যাপার্টমেন্টের একটি ঘরে চার দিন আটকে রাখেন। তাকেও খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ।

ঘটনাটি ১৬ নভেম্বর রাতে পদ্মনাভনগরের রাঘবেন্দ্র লেআউটের এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে ঘটে। বাড়িওয়ালা জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে সেখানে থাকা ওই দম্পতির ঝগড়া নিয়ে গত ছয় মাসে প্রতিবেশীরা বারবার অভিযোগ করেছেন। ১৬ নভেম্বর রাতেও একই অভিযোগে ফোন পান তিনি। এক ঘণ্টা পর নিরাপত্তারক্ষী জানান, বাড়ি নীরব।

১৯ নভেম্বর সাড়া না পেয়ে বাড়িওয়ালা নারীর এক বন্ধুকে ফোন করেন। দুজন পুলিশের কাছে যান। রাত ১১টায় তালা-মিস্ত্রি ডেকে দরজা ভাঙলে মেঝে ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। তালাবদ্ধ ঘর থেকে সীমা দাসের চিৎকার শোনা যায়। উদ্ধারের পর তিনি জানান, তার সঙ্গী সুদীপ তাকে ও ছেলে সোহম দাসকে ছুরি ও হাতুড়ি দিয়ে আক্রমণ করেছেন। বাথরুমে সোহমের লাশ পাওয়া যায়।

সীমার অভিযোগ, ১৬ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে সুদীপ এই হামলা চালান। বানাশংকরী থানা মামলা নিয়েছে।

সূত্র: এনডিটিভি

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমা‌নে তা‌কে রাজধানীর মিন্টু‌ রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ।

ডিএম‌পির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। ত‌বে কেন তমাল‌কে হেফাজতে নেওয়া হ‌লো, সে বিষয়ে কিছু জানান‌নি তিনি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ নিয়ে ৬ নভেম্বর থেকে টানা আট দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। এই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। সর্বশেষ শুক্রবার কমানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।

এর আগে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ১১ নভেম্বর আরও ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এ ছাড়া ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।