শিক্ষার মানোন্নয়নে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. এনামুল হক। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে বিদ্যালয়ের দাপ্তরিক নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন বিদ্যালয় পরিদর্শক। নথিপত্রের যথাযথ সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলকে সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ, পরীক্ষা কক্ষ ও ক্যাম্পাস ঘুরে দেখেন অধ্যাপক এনামুল হক। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠে মনোযোগী করা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান করা বিষয় থেকেই প্রশ্ন করা হয়েছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারছে। শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয় পরিদর্শক।
বিদ্যালয়ের শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থা ঘুরে দেখেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় শিক্ষার্থী ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রশংসা করেন। আগামী শিক্ষাবর্ষগুলোতেও পাঠদান কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের প্রস্তুত করা প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের নেতৃত্বে শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার কার্যক্রম পরিদর্শকের নজর কাড়ে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের ধারাবাহিক উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষা বোর্ডের এ ধরনের আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ে জবাবদিহি, দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



