সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে:  প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে:  প্রতিমন্ত্রী

পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভালো শিক্ষা ও জ্ঞানের জন্য অবকাঠামোর অবশ্যই প্রয়োজন। তার চেয়ে বেশি প্রয়োজন যারা শিক্ষা প্রদান করবেন তাদের মানসিকতার পরিবর্তন। শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি শনিবার যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যয় হয় ছয় কোটি ৪৩ লাখ টাকা।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা স্কুল থেকে চালু করা হবে। যাতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়াতে যেতে পারে। প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ শুরু করেন। শুধু বিনামূল্যে বই বিতরণ শুরু করেননি, তিনি মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছেন।

অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: হাদিউজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নুরুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর প্রেসক্লাবের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত জেলার গণমাধ্যমকর্মীদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করার ওপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা-নীতি, নৈতিকতা এবং দায়িত্বশীলতার প্রতি আরো গুরুত্ব দিতে হবে। দেশ ও জনগণের ক্ষতি হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা প্রয়োজন। এছাড়া সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ ও কৌশলী হতে হবে।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে যশোর জেলা ও উপজেলার ৭০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

 

 

 

 

 

Ads small one

জনদুর্ভোগ লাঘবে শাখরা ব্রিজ সংস্কারে ৪৬ লক্ষ টাকা বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
জনদুর্ভোগ লাঘবে শাখরা ব্রিজ সংস্কারে ৪৬ লক্ষ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শাখরা কোমরপুর ব্রিজ সংস্কারে ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দের পর এবার ৪৫ লক্ষ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকায় যেয়ে বরাদ্দের বিষয়টি জানান, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ। তিনি জানান, প্রথমে বরাদ্দকৃত ৬ লক্ষ ৫৩ হাজার টাকায় ব্রিজটি সম্পূর্ণরূপে সংস্কার সম্ভব নয়। এজন্য সাতক্ষীরার উন্নয়নে বরাদ্দকৃত ২০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের অর্থ থেকে এই ব্রিজ সংস্কারের জন্য ৪৫ লক্ষ ৯৯ হাজার টাকা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি তো কি হয়েছে। আমি আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। আপনাদের দাবি ছিল নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে ঠিকাদারের মাধ্যমে এই শাখরা কোমরপুর ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। এছাড়াও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

কে এম রেজাউল করিম, দেবহাটা: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় “খাল খনন কর্মসূচি” এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দেবহাটা ইউনিয়নের বোয়ালমারী খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হলেও খালের দুই পাড়ে রোপণ করা গাছগুলো রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, বোয়ালমারী খাল পুনঃখনন প্রকল্পে মোট ১৩ হাজার ২৬৯ দশমিক ৪৪০ ঘনমিটার মাটি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে ১১৯ জন উপকারভোগী শ্রমিক কাজ করছেন। তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা এবং সর্বোচ্চ প্রাপ্য অর্থের পরিমাণ ৪ হাজার টাকা। প্রকল্পের এনইউআর (ঘটজ) হওয়ার তারিখ ৩১ মে ২০২৬।

প্রকল্পের শ্রম ব্যয় বাবদ প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্লোপ স্ট্যাবিলাইজেশন ও বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য পৃথকভাবে ৩ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা এবং বৃক্ষরোপণের জন্য ৬ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, দেবহাটা, সাতক্ষীরা। প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিত এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কৃষকসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। পুনঃখননের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসীর দাবি, খালের পাড়ে যে বৃক্ষরোপণ করা হয়েছে, তা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে গবাদিপশু ও অন্যান্য কারণে যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রতিটি গাছ খুঁটি ও নেট দিয়ে ঘিরে সুরক্ষিত করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বোয়ালমারী খাল পুনঃখনন কাজ সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, প্রকল্পের কাজ যথাযথভাবে হচ্ছে এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

তবে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে দেখা যায়, খালের পাড়ে গাছ রোপণ করা হলেও অনেক স্থানে গাছের সুরক্ষার জন্য খুঁটি ও নেটের ব্যবস্থা চোখে পড়েনি। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দাবি করেন, প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এবং বিষয়টি সরেজমিনে দেখানোর কথাও জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। একই সঙ্গে রোপণকৃত গাছগুলোকে সুরক্ষিত রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর গাছের চারা বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় উক্ত চারা বিতরণী অনুষ্ঠানটি সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ।

 

অনুষ্ঠানে ৭০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা ১ হাজার, বনজ ফলজ ও ফলের চারা ১৯৮০টি এবং জৈব সার ও বাঁশের লাঠি বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।