শ্যামনগরে প্রাথমিক দলের হাজার সদস্যকে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
সংবাদদাতা: বুধবার (০১ জুলাই ২০২৬) বেলা ১১ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে গাবুরা ইউনিয়নের ১ হাজার সদস্যেকে পরিবেশ রক্ষায় ৩টি করে লবণ সহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “একটি গাছ আমাদের জীবন রক্ষায় ভুমিকা রাখে। গাছ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। এজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে।
একটি শিশু যেমন ছোট থেকে বড় করতে কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি একটি গাছ লাগাতে হলে গাছের যতœ নিতে হবে। যতœ না নিলে গাছ হবে না। ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা প্রসংসার দাবী রাখে। সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে গাছ বিতরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
প্রধান অতিথি বলেন, “গাবুরাতে কদবেল, তাল ও তেতুল গাছের চারা রোপন করলে মাটি ক্ষয় রোধ করা যাবে। তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশ বান্ধব। সেজন্য আপনারা বেশি বেশি এই ধরণের চারা রোপন করবেন। ফেইথ ইন এ্যাকশনের লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন প্রাথমিক দলের ১ হাজার সদস্যকে ১ হাজারটি তাল, ১ হাজারটি কদবেল ও ১ হাজারটি তেঁতুল গাছের চারা বিতরণ করেছে।












