শ্যামনগরের মুন্সীগঞ্জে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ ক্রীড়া যুব সংঘের উদ্যোগে ৩১ আগস্ট বিকেল ৫টায় মুন্সীগঞ্জ ফুলতলায় সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, যুবক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সমাজকল্যাণ ক্রীড়া যুব সংঘের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক কামরুল লস্কর ও আব্দুল আলিম সরদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কানাইলাল বাবু ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। আয়োজকেরা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। রোপিত চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।












