শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা
সংবাদদাতা: নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং সামাজিক ও পারিবারিকভাবে পুরুষদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে শ্যামনগরে দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুবদলের ৫ জন ও নারী দলের ২ জনসহ মোট ২৫ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মোছাঃ সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মন্ডল। এ সময় সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার সমতা, নারীর অধিকার ও পরিবারে স্বামীদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তা মোছাঃ সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মন্ডল নিজ নিজ জীবনে সামাজিক বাধা অতিক্রম ও পারিবারিক সহায়তার চিত্র তুলে ধরেন। অংশগ্রহণকারী শিমুল হাসান ও আমিনুল ইসলাম কর্মশালার অভিজ্ঞতা শেয়ার করে প্রকল্পের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।












