মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

ইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

নিজস্ব প্রতিনিধি: সাইবার স্পেসে শিশু, যুব ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সাইবার বুলিং, যৌন নির্যাতন ও মানসিক সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় অংশীজনদের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রে কিং দ্যা সাইলেন্স’-এর আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে টেকনিক্যাল সহায়তা প্রদান করে ‘টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস’ এবং অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন।

সভায় উপস্থাপিত এনসিবিআই-এর গবেষণার পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বর্তমানে শিশু-কিশোর ইন্টারনেট ব্যবহারকারীদের ৮৮ শতাংশই কোনো না কোনোভাবে অনলাইন ঝুঁকির মুখে রয়েছে। এদের মধ্যে প্রায় ৫৩ শতাংশ শিশু অনলাইন যৌন হয়রানির শিকার এবং ৫৩ শতাংশ শিশু অনলাইন গ্রুমিংয়ের মুখে পড়ছে। এছাড়া ৩৮ শতাংশ শিশু সাইবার ফ্ল্যাশিং এবং ১৮ শতাংশ কিশোর-কিশোরী ছবি বা ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে যৌন ব্ল্যাকমেইল (সেক্সটর্শন)-এর শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রে অপরিচিতদের চেয়ে পরিচিত মানুষদের মাধ্যমেই শিশুরা এসব অনলাইন ঝুঁকিতে বেশি পড়ছে।

ব্রেকিং দ্যা সাইলেন্সের পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর (খুলনা বিভাগ)-এর পরিচালক ও যুগ্ম সচিব মোঃ হুসাইন শাওকত।

ব্রেকিং দ্যা সাইলেন্স-এর ম্যানেজার প্রোগ্রাম ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় মুক্ত আলোচনা বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাস, সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক রাসেল কামরুজ্জামান, সনাকের সভাপতি তৈয়ব হাসান বাবু, নারী নেত্রী ফরিদা আখতার বিউটি, সাংবাদিক এম কামরুজ্জামান এবং গোলাম সরোয়ার, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুজ্জামান বাবলা, জেলা সাইবার ক্রাইম এ্যালাট টিমের মাহবুব প্রমুখ।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে অপরাধের ধরণও পাল্টাচ্ছে। সাইবার স্পেসকে শিশুদের জন্য নিরাপদ করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এবং সুশীল সমাজকে একসাথে কাজ করতে হবে। অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু রাখা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও গুগল সেফসার্চ ব্যবহারের মতো প্রযুক্তিগত সচেতনতা বাড়ানোর ওপরও তারা জোর দেন।

ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের ডিজিটাল নিরাপত্তা, শিশু আইন ২০১৩, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আইনি দিক তুলে ধরেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও টিডিএইচ নেদারল্যান্ডস-এর সহযোগিতায় ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরা সদরে “স্পিক আপ” প্রকল্পের আওতায় ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

Ads small one

অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম নিজ গাড়িতে করে অজ্ঞাত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান এবং নিজের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তিটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় জানা থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে দ্রুত তার স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হচ্ছে।

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে শ্যামনগরের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে।

 

নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল তার এক সঙ্গীকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে শ্যামনগর উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শুভঙ্কর মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শুভঙ্কর মন্ডল।

এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলে থাকা শুভংকরের সঙ্গী। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শ্যামনগর থানার উপ-পরিদর্শক চিরঞ্জিব গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

 

সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে নিয়মিত অভিযানে গত এক সপ্তাহে বিপুল পরিমাণ মাছ, কাঁকড়া ও অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে সাতক্ষীরা-০১ স্মার্ট টহল দল। এ ঘটনায় বন আইনে চারটি মামলা (ইউডিওআর) দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টহলকালীন সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি নৌকা, ১টি বৈঠা, ৪টি দাঁড়, ২৫০ মিটার দোনদড়ি, ১০০টি আটন, ৪৫ কেজি কাঁকড়া, ২টি কলজাল এবং আনুমানিক ১৫০ কেজি সাদা মাছ জব্দ করা হয়।
এছাড়া অভিযানে ২টি ড্রাম, হাঁড়ি-পাতিল, ২টি ককসেট ও ৬টি প্লাস্টিকের ঝুড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সাদা মাছ ও কাঁকড়া আদালত চত্বরে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্মার্ট টহল দলের অভিযানের ফলে সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।