মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সংবাদদাতা: ছোট ছোট শিক্ষার্থীদের পদচারণায় মুখর সাতক্ষীরা স্টেডিয়াম। রঙিন জার্সি, উচ্ছ্বাস আর প্রতিযোগিতার আগ্রহে ভরপুর শিশুদের উপস্থিতিতে যেন এক উৎসবের আবহ তৈরি হয়। সেই আবহেই শুরু হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

 

বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এ সময় মাঠজুড়ে করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

 

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নূরুল হুদা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান এবং একুশে টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী মানুষে ভরে ওঠে গ্যালারি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে এবার জেলা পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো।

 

আশাশুনি উপজেলা থেকে বালক বিভাগে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। কলারোয়া থেকে বালক বিভাগে কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালিগঞ্জ থেকে বালক বিভাগে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে এনএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তালা উপজেলা থেকে বালক ও বালিকা উভয় বিভাগেই অংশ নিচ্ছে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

দেবহাটা উপজেলা থেকে বালক বিভাগে টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্যামনগর থেকে বালক বিভাগে হরিণনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা থেকে বালক বিভাগে ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহিষ্ণুতা গড়ে তোলে।

 

এ ধরনের আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়—শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। টুর্নামেন্টটি চলবে আগামী ১ মে পর্যন্ত। সেদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ততদিন মাঠে গড়াবে ছোটদের বড় স্বপ্নের ফুটবল লড়াই। সংবাদদাতা: আব্দুর রহমান

Ads small one

হ্যারি ও মেগান রাজপরিবারের উপাধি ব্যবহার করতে পারবেন না

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
হ্যারি ও মেগান রাজপরিবারের উপাধি ব্যবহার করতে পারবেন না

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে ২০২০ সালে স্বাধীন জীবনযাপনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ছয় বছর পর গত আগস্টে তারা তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে বসবাস শুরু করেন।

রাজপরিবারে তাদের অবস্থান কী হবে, তা নিয়ে চলছিল গুঞ্জন। রাজা তৃতীয় চার্লস সেই গুঞ্জনের সমাপ্তি টেনেছেন। সোমবার জারি করা এক চিঠিতে জানানো হয়, রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে হ্যারি ও মেগানকে বিবেচনা করা হবে না। রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মকর্তা লর্ড চেম্বারলেনের জারি করা চিঠিতে বলা হয়েছে, হ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফিরে আসার পর তাদের অবস্থান নিয়ে বেশ কিছু নির্দেশনা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যেন কোনো ‘সন্দেহ বা বিভ্রান্তি’ না থাকে, সে কারণেই এই চিঠি দেওয়া হয়েছে।

রাজপরিবার থেকে জারি করা ওই চিঠিতে আরও বলা হয়, ‘২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফলে তারা এখন আর রাজপরিবারের অফিসিয়ালি ‘এইচআরএইচ’ উপাধি ব্যবহার করতে পারবেন না।

জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ বা প্রিন্স চার্লসের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হ্যারি ও মেগান আকস্মিকভাবে ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, তারা রাজপরিবারের ‘সিনিয়র’ সদস্যের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে রানি এলিজাবেথ তখন একটি পারিবারিক বৈঠক ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয় যে, হ্যারি-মেগান আর রাজপরিবারের প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং সরকারি কোনো অনুদান পাবেন না।

বিমান নিয়ে মন্তব্য, নোরার বিরুদ্ধে বড় অঙ্কের মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিমান নিয়ে মন্তব্য, নোরার বিরুদ্ধে বড় অঙ্কের মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজ নিয়ে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ডুন এভিয়েশন নামের একটি চার্টার্ড বিমান সংস্থাকে নিয়ে অসম্মানজনক ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ৩০ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে সেসনা সাইটেশন সিজে-২ মডেলের একটি উড়োজাহাজে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা। পরে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ওই অ্যাকাউন্টে তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে।

ভিডিওতে উড়োজাহাজটির আকার ও চেহারা নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা সেটিকে খেলনা কিংবা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ করেছে বিমান সংস্থাটি।

ডুন এভিয়েশনের দাবি, নোরার ওই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান।

এ ঘটনায় গত এপ্রিল মাসে গান্ধীনগরের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটিতে ৩০ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন।

ওই বিতর্কের পর নোরা জানিয়েছিলেন, গানটির ভাষা তিনি বুঝতে পারেননি। ভাষাগত বিষয়টি না বোঝার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যাখ্যা দিয়ে তিনি তখন বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন।

বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনায় ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সাম্প্রতিক দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক ফিউচারস বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারে লেনদেন হয়েছে।

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সশস্ত্র সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সৌদির কৌশলগত তেল অবকাঠামোতে সরাসরি হামলা তেলের বিশ্ববাজারে এই অস্থিরতা তৈরি করেছে।

এর আগে, সোমবার ব্রেন্ট ক্রুডের দর বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৬ ডলারে পৌঁছেছিল। তবে দিনশেষে তা ৯৭ ডলারে স্থির হয়। একই সময়ে মার্কিন টেক্সাসের মানদণ্ড অক্টোবর ডেলিভারির ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েল ফিউচারস দরপ্রতি ৯৪ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনার কোনো মীমাংসা না হওয়া এবং হুতি গোষ্ঠীর ধারাবাহিক সামরিক তৎপরতায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানির দাম ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।

এদিকে, লোহিত সাগরের উপকূলীয় এলাকায় সাম্প্রতিক কয়েক দিনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুতিরা। সূত্র: আলজাজিরা