সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেনÑসাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কম্পিউটার অপারেটর কনস্টেবল নাজমুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









