শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী

ঢালিউড অভিনেত্রী পরীমণি আবারও নতুন প্রজেক্টের ইঙ্গিত দিয়ে আলোচনায় উঠে এসেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার সম্ভাব্য নতুন কাজ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। দীর্ঘ বিরতির পর এই খবর ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

পরীমণি ২০১৫ সালে বড়পর্দায় অভিষেক করেন। এরপর ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ চলচ্চিত্রে তার উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার এই ছবিতে তার গ্ল্যামার ও পর্দার উপস্থাপনা তাকে ‘ডানাকাটা পরী’ ইমেজ গড়ে তুলতে সাহায্য করে।

এই ছবিরই সেই সাড়া জাগানো আইটেম গান— “স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, লাগায় হুড়োহুড়ি, হায়রে কি যে করি, আমি ডানা কাটা পরী”— দুই বাংলায় দেখিয়েছিল গ্ল্যামারের ঝলক। জাজ মাল্টিমিডিয়ার সাথে পরীমনির সে একটি চলচ্চিত্রের পর এবার ফের নতুন সম্ভাবনার ডাক এসেছে।

এরপর ধীরে ধীরে পরীমনির ক্যারিয়ারে আসে একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্র। ২০১৮ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এরপর তিনি অভিনয় করেন ‘বিশ্বসুন্দরী’ (২০২০), ‘গুণিন’ (২০২১), ‘স্ফুলিঙ্গ’ (২০২১) এবং ‘মুখোশ’ (২০২২) চলচ্চিত্রে।

সবশেষে বড়পর্দায় তাকে দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’-এ, যার পর থেকে তিনি কিছুটা বিরতিতে থাকেন। ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং নানা চ্যালেঞ্জের কারণে চলচ্চিত্রে তার উপস্থিতি কমে যায়।

সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ পরীমনির বাসায় যান। সেখানে পরীমনির সন্তান রাজ্যের সঙ্গে কেক কাটার মুহূর্তও দেখা যায়। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন— “সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমনি এগেইন”।

তবে নতুন এই প্রজেক্ট নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নন জাজের প্রযোজক আব্দুল আজিজ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “এ বিষয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। অফিসিয়ালি ঘটা করে জানাবো।”

দীর্ঘ বিরতির পর আবারও জাজের সঙ্গে নতুন কাজের ইঙ্গিত পাওয়ায় প্রশ্ন উঠছে— দর্শক যে ‘ডানাকাটা পরী’কে একসময় বড়পর্দায় দেখেছিল, তিনি কি আবারও স্বরূপে ফিরতে পারবেন?

পরীমণিও মুখে কুলুপ এঁটেছেন। এ বিষয়ে এখনই মুখ খুলছেন না তিনিও। তবে, ‘সামথিং বিগ’ কিছু যে আসছে, তার ইঙ্গিত তো তিনি দিয়েছেনই।

ভক্তদের প্রত্যাশা, নতুন এই প্রজেক্টের মাধ্যমে পরীমনি আবারও শক্তিশালী উপস্থিতি নিয়ে বড়পর্দায় ফিরবেন।

Ads small one

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলারের জরুরি অর্থায়ন বিশ্বব্যাংকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলারের জরুরি অর্থায়ন বিশ্বব্যাংকের

আর্থিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলারের জরুরি অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এই অর্থায়ন বাংলাদেশকে কর্মসংস্থান, জীবিকা এবং জরুরি সেবাগুলো সুরক্ষিত রেখে দ্রুত অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে, ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে বাংলাদেশকে ১.১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলারের জরুরি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সরকারি ব্যয়ের ওপর চাপ কমাতে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত বৈদেশিক অর্থায়নের চেষ্টা করছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈশ্বিক সংকটের ধাক্কা সামলাতে বিশ্বব্যাংকের এই প্যাকেজের অধীনে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ৩০০ মিলিয়ন ডলার মোট বরাদ্দের মধ্যে ৩০০ মিলিয়ন ডলার প্রদান করা হবে ‘খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা’ প্রকল্পের আওতায়। এই অর্থ দিয়ে আগামী ধান চাষের মৌসুমের জন্য ছয় লাখ মেট্রিক টন সার আমদানি করা হবে। কারণ, বাংলাদেশ তার চাহিদার ৮৫ শতাংশের বেশি সার আমদানি করে।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে এক বিবৃতিতে বলেন, “মধ্যপ্রাচ্য সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য এবং সীমিত রাজস্ব সক্ষমতা বাংলাদেশের অর্থনীতিকে, বিশেষ করে ক্ষুদ্র চাষী এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে গভীরভাবে প্রভাবিত করেছে।” এই প্রকল্পটি ১৪ লাখ হেক্টরেরও বেশি (৩.৪৬ মিলিয়ন একর) ফসলি জমিতে ধান চাষে সহায়তা করবে।

জরুরি ব্যয়ে ৭১৩ মিলিয়ন ডলার, বাকি ৭১৩ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে ‘কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স’ প্রকল্পের অধীনে। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার এবং ছোট ব্যবসার জন্য নগদ অর্থ হস্তান্তর এবং জীবিকা সহায়তাসহ জরুরি ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে।

এছাড়া স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, বিদ্যুৎ এবং পানি সরবরাহের মতো প্রয়োজনীয় সেবাগুলো সচল রাখতে জ্বালানি ও শক্তি আমদানিতেও এই তহবিল সহায়তা করবে।বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থায়ন বাংলাদেশকে কর্মসংস্থান, জীবিকা এবং জরুরি সেবাগুলো সুরক্ষিত রেখে দ্রুত অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করবে।

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়ালি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

এ সময় আ ন ম এহছানুল হক মিলন আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিতের জন্য নির্দেশ দেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন— রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ পরীক্ষা কেন্দ্রের সচিববৃন্দ।

সভা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে কঠোর তদারকি অব্যাহত থাকবে।

স্বামীর চেয়েও বেশি ভালোবাসার কথা বললেন নারী, লজ্জায় লাল শাহরুখ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
স্বামীর চেয়েও বেশি ভালোবাসার কথা বললেন নারী, লজ্জায় লাল শাহরুখ

বলিউড প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানের বুদ্ধিমত্তা ও ভক্তদের সঙ্গে রসাল আলাপচারিতার কথা সবারই জানা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এক অভিনব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে এক নারী ভক্ত প্রকাশ্যেই শাহরুখ খানকে জানান, তিনি তার নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবাসেন এই তারকাকে। ভক্তের এ কথা শুনে প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরে অসাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি সামাল দেন এ অভিনেতা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন এক নারী হঠাৎ শাহরুখ খানকে লক্ষ্য করে বলেন, আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।

ভক্তের মুখে এ কথা শুনে প্রথমে লজ্জায় লাল হয়ে যান শাহরুখ। পরে রসিকতা করে বলিউড কিং উত্তর দেন, এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!

তবে এখানেই থেমে থাকেননি তিনি। ভক্তের পারিবারিক পরিস্থিতি ও আবেগের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও বলেন, আমি জানি এটি শুধু আপনার ভালোবাসার একটি বহিঃপ্রকাশ এবং আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। আমি নিশ্চিত যে আপনার স্বামীও বিষয়টি সহজভাবেই নেবেন। আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি—আপনার স্বামী এবং আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে নিজের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফর্মও করেন শাহরুখ খান। সামাজিক মাধ্যমে তার সেই পারফরম্যান্সের পাশাপাশি ভক্তের সঙ্গে কথোপকথনের এই ভিডিওটিও সমানভাবে সাড়া ফেলেছে।