সুন্দরবনে ঝড়ের কবলে মৌয়ালদের নৌকাডুবি: ৪ জন উদ্ধার, নিখোঁজ ৪
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়াল নিখোঁজ হয়েছেন। গত সোমবার রাতে বনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি চারজনের সন্ধান এখনও মেলেনি।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ অনুমতি (পাস) নিয়ে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। সোমবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় চার মৌয়াল ভাসতে ভাসতে হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন রক্ষীরা তাঁদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
তবে এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর হোসেন, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির। নিখোঁজদের সবার বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গোদাড়া এলাকায়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (রেঞ্জার) ফজলুল হক বলেন, “বৈরী আবহাওয়ার মধ্যে নৌকাডুবির খবর পেয়ে বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে বন বিভাগের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।”
বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি শ্যামনগর থানা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবিকে জানানো হয়েছে। নিখোঁজ মৌয়ালদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। দ্রুত তাঁদের উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনেরা।









