শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?

ক্রীড়াপ্রেমীরা যখন মেতে আছেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়, ঠিক তখনই ক্রিকেট বিশ্বে এক বিরাট চমক দিল বলিউড বাদশা শাহরুখ খানের ‘নাইট রাইডার্স গ্রুপ’। মার্কিন মুলুকে ক্রিকেটের জোয়ার আনতে এবার লস অ্যাঞ্জেলেসে আস্ত একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম উন্মোচন করল কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

স্বপ্নের এই স্টেডিয়ামটি তৈরিতে প্রাথমিক খরচ হয়েছে প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি টাকারও বেশি এবং ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৫ কোটি রুপি। ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে নির্মিত এই বিশ্বমানের স্টেডিয়ামটির প্রথম ঝলক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মাত্র ১০০ দিনের রেকর্ড সময়ে এই স্টেডিয়ামের মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে।

এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজের আবেগ প্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, “সবাইকে হ্যালো। আজ আমাদের একটি স্বপ্ন সত্যি হওয়ার দিন। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটকে আমরা নিয়ে আসছি লস অ্যাঞ্জেলেসে। ফেয়ারপ্লেক্স, লস অ্যাঞ্জেলেস এবং নাইট রাইডার্স-এর দীর্ঘমেয়াদী যৌথ প্রয়াসেই এটা সম্ভব হচ্ছে; যার লক্ষ্য এমন একটা জায়গা তৈরি করা যা উদ্দীপনা, সামাজিক মেলবন্ধন, একতা এবং অবশ্যই বিনোদনে ভরপুর থাকবে।

লস অ্যাঞ্জেলেস এবং আমাদের এই আগামীর পথচলার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।” একই সঙ্গে এই মহৎ যাত্রায় পাশে থাকার জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহ-কে ‘ভাই’ বলে সম্বোধন করে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কিং খান।

আইসিসির আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি করা এই স্টেডিয়ামটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এর প্রধান স্কয়ারে রয়েছে আইসিসি অনুমোদিত ৮টি উইকেট এবং নৈশকালীন ম্যাচের জন্য বসানো হয়েছে ১২০ ফুট উঁচু ৬টি ফ্লাডলাইট টাওয়ার। মেজর লিগ ক্রিকেটের নতুন মৌসুমের ম্যাচ দিয়ে এই মাঠের যাত্রা শুরু হচ্ছে।

বর্তমানে আসন সংখ্যা ৫,০০০ হলেও ২০২৮ সালের মধ্যে তা বাড়িয়ে ১৫,০০০ করার পরিকল্পনা রয়েছে। এটি মূলত আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে।

ক্রিকেটপ্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মাঠে নীল জার্সিতে ভারতীয় দলকে কবে দেখা যাবে। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটি এবং আইসিসি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সব ক্রিকেট ম্যাচ এই নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, অলিম্পিক পদকের লড়াইয়ে টিম ইন্ডিয়া এই মাঠেই মাঠে নামবে। মার্কিন মুলুকে ক্রিকেটকে জনপ্রিয় করতে কেকেআর-এর এই ঐতিহাসিক পদক্ষেপ নিঃসন্দেহে ক্রীড়া দুনিয়ায় এক নতুন মাইলফলক।

 

Ads small one

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়?

একদিকে টানা দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে অভিষেক বিশ্বকাপে রূপকথা লেখা কেপ ভার্দে। শেষ ৩২-এর এই লড়াইকে তাই অসম লড়াই বলতেই পারেন। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে আসা কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ম্যাচটা মাঠে গড়াবে শনিবার ভোর ৪টায়। দেখাবে টি স্পোর্টস।

গ্রুপ জে-তে তিন ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করেছে তারা। অন্যদিকে তিন ম্যাচে ড্র করে স্পেনের পর দ্বিতীয় হয়ে গ্রুপ এইচ থেকে শেষ ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্দে। তাদের পেছনে ছিল উরুগুয়ে ও সৌদি আরব।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে থাকা আফ্রিকার ছোট্ট দেশটি স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে ইতিহাস গড়ে নকআউট পর্বে উঠে আসে।

অন্যদিকে আর্জেন্টিনা শুরুতেই আলজেরিয়াকে ৩-০ গোলে হারায়। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ জয়ে জোড়া গোলও আসে তার পা থেকে। গ্রুপসেরা নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ৩৯ বছর বয়সী এই তারকা। তবে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করে দলের ৩-১ জয়ে অবদান রাখেন তিনি। তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

এবার মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নিজের ইন্টার মায়ামির ক্লাব মাঠে আবারও খেলতে নামছেন মেসি। এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও মিসরের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে।

 

 

বর্ষার ফুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
বর্ষার ফুল

শেখ মোমতাজুল করিম শিপলু
ফুলকে সবাই ভালোবাসে
স্বর্গের পরশ মাখা,
বৃক্ষ ডালে দোপাটি রূপ
যেনো স্রষ্টার আঁকা।

শাপলা পদ্ম হাওর বিলে
কী আকর্ষণ বনে,
কামিনীর ঘ্রাণ হৃদয় কাড়ে
ধবল প্রাঞ্জল মনে।

সাদা লালের রং বাহারি
জবার পাপড়ি মেলি,
গন্ধরাজের গন্ধ ছড়ায়
আরো সাদা বেলি।

বঁধুয়া ফুল মিষ্টি ভারী
মন রাঙ্গানো কেয়া,
স্রষ্টার সৃষ্টি অপূর্ব সব
বিধান মতো দেয়া।

মৌমাছি আর পাকপাখালি
মধু খায় যে মিলি,
বর্ষা ঋতুর আরেকটি ফুল
তিনটি রঙের লিলি।

মাথা-খারাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মাথা-খারাপ

 

মোঃ রহমত আলী
মাথার ভেতর ঘুরছে মাথা
ব্যথার গভীরে নতুন ঘাত
কথার পেঁচে লুকানো কথা
জবাবে কিন্তু উল্টো খোঁচা
দেখায় খেলা ঠান্ডা মাথা
রাগের বশে মাথায় হাত
সরল লোকের প্রশ্ন সহজ
জ্ঞানের উপর কঠোর জ্ঞানী
মাথা-খারাপ বিপদ যার
উদ্ধারকারীর মধ্যে মতবাদ
চোখের ইশারায় বন্দি চোখ
মুখে লাগাম সুযোগে দাঁতের
হঠাৎ জিহ্বায় এক কামড়

বলতে পারে না কথা কিছু ব্যথা
হাসে কেউ কিন্তু শত কষ্টে একা
দুঃখের পরে আবার সুখের দেখা
চোখের জল চোখেই শুকায়
মনের কথা মাথাতেই লুকায়
সাধ্যের সাথে স্বার্থের ভেজাল
তফাত বিবেচনায় মাথা ঘুরায়
কানের ভিতরে মুখের আগুন
নাকের প্রচেষ্টায় হিসেব-নিকেশ
সালিশ-বিচারে মগজ ধোলাই
লাভ-লোকসান কানার কামাই
মাথা-ঘামায় আসল মাথা-হারায়