শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

১১৫ দিন ক্লাস করেই বসতে হবে আগামী এসএসসিতে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
১১৫ দিন ক্লাস করেই বসতে হবে আগামী এসএসসিতে

আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা ক্যালেন্ডার হিসাব করে দেখা গেছে, দশম শ্রেণির শিক্ষার্থীরা চলতি বছর ডিসেম্বর পর্যন্ত বাকি সাড়ে ৭ মাসে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শ্রেণি পাঠদানের (ক্লাস) সুযোগ পাবে মাত্র ১১৫ দিন। এই স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করে শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হবে— তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বছরের বাকি থাকে ২৩০ দিন। এর মধ্যে শুক্রবার ও শনিবার মিলিয়ে সাপ্তাহিক ছুটি রয়েছে ৭০ দিন। এছাড়া ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি ১২ দিন, আশুরা একদিন (শুক্রবার), আষাঢ়ি পূর্ণিমা একদিন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস একদিন, আখেরি চাহার সোম্বা একদিন, ঈদ-ই-মিলাদুন্নবী একদিন, জন্মাষ্টমী একদিন, ফাতেহা-ই-ইয়াজ দাহম একদিন, মধু পূর্ণিমা একদিন, মহালয়া একদিন, ১৮ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজা ৫ দিন, ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা একদিন, নভেম্বর শ্যামাপূজার একদিনসহ মোট ছুটি আছে ২৮ দিন।

অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ২৮ দিন এবং সাপ্তাহিক ছুটি ৭০ দিন মিলিয়ে মোট ছুটি ৯৮ দিন। তবে সাপ্তাহিক ছুটির ভেতর কিছু সরকারি ছুটি পড়ে যাওয়ায় মোট ছুটির দিন দাঁড়ায় ৯১ দিন।

২৩০ দিন থেকে ৯১ দিন বাদ দিলে সেশন থাকে ১৩৯ দিন। এর মধ্যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার কারণে আরও ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে শিক্ষার্থীদের সরাসরি ক্লাস করার জন্য অবশিষ্ট থাকছে মাত্র ১১৫ দিন।

পরীক্ষা এগিয়ে আনার এই সিদ্ধান্তে অনেক অভিভাবকই উদ্বিগ্ন। তাদের মতে, পরীক্ষা যদি প্রথাগতভাবে ফেব্রুয়ারিতে শুরু করা যেতো, তবে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করার জন্য আরও কিছুটা সময় পেতো। এই সংক্ষিপ্ত সময়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করা বেশ কঠিন হবে বলে মনে করছেন অভিভাবকরা।

শ্রেণিপাঠ ব্যাহত হওয়ার নেপথ্যে

সংশ্লিষ্টরা জানান, বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থীরা গত বছরেও নানা কারণে শ্রেণিপাঠ থেকে বঞ্চিত হয়েছে। ২০২৫ সালের প্রথম দুই মাস দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পড়ালেখা ব্যাহত হয়েছিল। এরপর চলতি বছরের শুরুতেও সময়মতো পাঠ্যবই হাতে না পাওয়া এবং জাতীয় নির্বাচনের ছুটির কারণে ক্লাস ঠিকমতো হয়নি। ফলে জানুয়ারি থেকে ১৪ মে পর্যন্ত যে পরিমাণ সিলেবাস শেষ হওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি।

‘তাড়াহুড়ো করে সিদ্ধান্ত, বাড়বে কোচিংয়ের নির্ভরতা’

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী প্রধান ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী সরকারের সময় বাঁচানোর সদিচ্ছাকে সাধুবাদ জানালেও মাঠের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর বাইরে চর বা হাওর অঞ্চলের স্কুলগুলোর এই সময়ে সিলেবাস শেষ করার মতো প্রস্তুতি কতটুকু, তা ভাবা দরকার ছিল। এর ফলে শিক্ষার্থীদের ওপর অহেতুক মানসিক চাপ তৈরি হবে।’

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ‘শ্রেণিকক্ষে পঠন-পাঠনের মান এমনিতেই ঘাটতিতে রয়েছে, তার ওপর সময় কমে যাওয়ায় অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের কোচিং ও প্রাইভেটের দিকে ঠেলে দেবেন।’ এই বাণিজ্য রুখতে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষকদের কোচিং করানো বন্ধে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে, তা কঠোরভাবে মনিটরিং করার জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

সিলেবাস শেষ হওয়া নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমান পরীক্ষার্থীরা গত বছর যখন নবম শ্রেণিতে উঠেছিল, তখনই তারা অসংখ্য ক্লাস মিস করেছে। সাধারণত নবম শ্রেণিতে ওঠার পর নতুন সিলেবাস ও কঠিন পাঠ্যপুস্তকের কারণে শিক্ষার্থীদের ওপর এমনিতেই একটি বাড়তি মানসিক চাপ তৈরি হয়।’

তিনি পূর্বের ঘাটতিগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘২০২৫ সালের প্রথম দুই মাস (জানুয়ারি-ফেব্রুয়ারি) দেশে প্রায় কোনও পড়াশোনাই হয়নি। পরবর্তী সময়ে বিভিন্ন ছুটিছাটা ও আন্দোলনের কারণে দফায় দফায় স্কুল বন্ধ থেকেছে। পূর্বের এই বিশাল শিখন ঘাটতি বহাল থাকা অবস্থায় বছরের বাকি সময়ে মাত্র ১১৫ দিন ক্লাস পেয়ে শিক্ষার্থীরা কীভাবে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করবে, তা সত্যিই উদ্বেগের বিষয়।’

স্কুলে মনিটরিং বাড়ানো, পরীক্ষা পদ্ধতি সংস্কার ও নমনীয়তার প্রস্তাব

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ মনে করেন, এক বছরের মধ্যেই সবকিছু মেশিনের মতো রুটিনে আনার কোনও প্রয়োজন ছিল না। এই বছর কিছুটা নমনীয় হয়ে পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে নেওয়া যেতো।

পাবলিক পরীক্ষার সংস্কার প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ের পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। ও-লেভেলের মতো বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মতো প্রধান ৫টি বিষয়ে কেন্দ্রীয়ভাবে পাবলিক পরীক্ষা নেওয়া যেতে পারে, যা এক সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব। এতে মেধা যাচাইয়ে কোনও তফাত হবে না। বাকি বিষয়গুলোর মূল্যায়ন স্কুলেই ধারাবাহিক মূল্যায়ন ও অর্ধবার্ষিক-বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষকরা করতে পারেন। একই সঙ্গে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষাও বোর্ড থেকে বাদ দিয়ে স্কুলেই রাখা উচিত।’ তিনি শিক্ষাবর্ষকে জানুয়ারি-ডিসেম্বরের বদলে উচ্চশিক্ষার মতো জুলাই-আগস্ট থেকে শুরু করারও পরামর্শ দেন।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য প্রথমত স্কুলেই পড়াশোনার পরিবেশ উন্নত করতে হবে এবং প্রাতিষ্ঠানিক মনিটরিং বা নজরদারি বাড়াতে হবে। পাবলিক পরীক্ষা হলো মেধা যাচাইয়ের সামগ্রিক একটি নির্দেশক (ইন্ডিকেটর), তাই এর গুরুত্ব অবশ্যই থাকবে।

সদিচ্ছা থাকলে সম্ভব, প্রয়োজন রেমিডিয়াল ক্লাস

শিক্ষা গবেষক কে এম এনামুল হক সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জীবন থেকে যে সময় নষ্ট হয়, তা একটি সিস্টেম লস। সদিচ্ছা ও যথাযথ প্রচেষ্টা থাকলে এই সময়ের মধ্যেও সিলেবাস শেষ করা সম্ভব।’

তবে শিখন ঘাটতির ঝুঁকির কথা স্বীকার করে তিনি কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সুপারিশ করেন—

প্রি-টেস্ট পরীক্ষা এগিয়ে আনা: কে এম এনামুল হকের মতে, প্রি-টেস্টে পরীক্ষার পর টেস্ট পরীক্ষা পর্যন্ত এক ধরনের বিদ্যালয়ভিত্তিক বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যায়। টেস্ট পরীক্ষার পর বিদ্যালয়ের ভূমিকা তুলনামূলক কম থাকে। সেই সময় শিক্ষার্থীদের নিজস্ব প্রস্তুতি, পারিবারিক সহযোগিতা এবং বিভিন্ন কোচিং সেন্টার ও গাইড বইয়ের ব্যবহার লক্ষ্য করা যায়। এই নতুন ঘোষণা সিলেবাস শেষ করা খুব বড় অনুষঙ্গ হবে না। তবে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উদ্যোগের পর ব্যক্তিগত প্রস্তুতির জায়গায় সংকোচন হবে। ফলে গাইড বই, নোট বই ব্যবহার প্রাইভেট টিউশনের মতো বাণিজ্যিক উদ্যোগগুলোর প্রভাব তুলনামূলক কম থাকবে।

কন্টাক্ট আওয়ার বাড়ানো: দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিদিন অন্তত ১ ঘণ্টা করে ক্লাসের সময় বাড়িয়ে দেওয়া অথবা প্রয়োজনে সাপ্তাহিক ছুটি কমিয়ে কন্টাক্ট আওয়ার বাড়ানো।

রেমিডিয়াল লার্নিং: কোভিডকালীন সময়ের মতো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ শিখন কার্যক্রমের ব্যবস্থা করা।

দুর্যোগকালীন পরিকল্পনা: জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে বন্যা বা অতিবৃষ্টির কারণে যেসব অঞ্চলে পাঠদান বন্ধ থাকে, সেখানে প্রতিদিন ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা অতিরিক্ত ক্লাস নেওয়া।

Ads small one

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: শনিবার (১৮ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা , মাদরা ও চান্দুরিয়া বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ এবং শাড়ী আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় হতে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ এবং শাড়ী আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার কাদপুর হতে ২ লাখ ২১ হাজার ২০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ০৮ হাজার ৭০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদকসহ অন্যান্য মালামাল চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সুখের শুরু দৃষ্টিভঙ্গিতে/ সচ্চিদানন্দ দে সদয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
সুখের শুরু দৃষ্টিভঙ্গিতে/ সচ্চিদানন্দ দে সদয়

সচ্চিদানন্দ দে সদয়

মানুষের জীবন কখনোই সরলরেখায় চলে না। আনন্দের পাশাপাশি আসে বেদনা, সাফল্যের পাশে থাকে ব্যর্থতা, প্রাপ্তির সঙ্গে থাকে অপ্রাপ্তি। জীবনের এই বৈচিত্র্যই মানুষকে অভিজ্ঞ করে, পরিণত করে এবং বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলোÑএকই পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া এক রকম হয় না। কেউ সামান্য সমস্যায় ভেঙে পড়েন, আবার কেউ বড় সংকটের মধ্যেও আশার আলো খুঁজে পান। এই পার্থক্যের মূল জায়গাটি হলো মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি।

 

আমাদের জীবনে কতটা সুখ থাকবে, তা অনেকাংশেই নির্ভর করে আমরা জীবনকে কীভাবে দেখি তার ওপর। কারণ বাইরের সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অর্থনৈতিক সংকট, সামাজিক বাধা, মানুষের আচরণ কিংবা অনাকাক্সিক্ষত ঘটনাÑএসব অনেক কিছুই আমাদের ইচ্ছার বাইরে ঘটে। কিন্তু এসব ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হবে, সেটি অনেকটাই আমাদের নিজের হাতে। একই বৃষ্টিকে কেউ দুর্ভোগ মনে করেন, আবার কেউ প্রকৃতির সৌন্দর্য হিসেবে উপভোগ করেন। একই ব্যর্থতাকে কেউ অপমান মনে করেন, আবার কেউ সেটিকে শিক্ষা ও নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ বাস্তবতা এক হলেও মানুষের উপলব্ধি ভিন্ন হতে পারে। আর এই উপলব্ধির পার্থক্যই একজন মানুষকে সুখী কিংবা অসুখী করে তোলে।

 

বর্তমান সময়ে মানুষের অসুখী হওয়ার অন্যতম বড় কারণ হলোÑঅন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা। আমরা প্রায়ই ভুলে যাই, প্রত্যেক মানুষের জীবনযাত্রার পথ আলাদা। কারও সাফল্য দ্রুত আসে, কারও আসে দীর্ঘ সংগ্রামের পর। কেউ অল্প বয়সে প্রতিষ্ঠিত হন, আবার কেউ জীবনের পরবর্তী সময়ে নিজের অবস্থান তৈরি করেন। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করলে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এই সমস্যা আরও বেড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে মানুষ সাধারণত নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোই তুলে ধরে। সেখানে হাসি আছে, সাফল্য আছে, অর্জন আছে; কিন্তু সেই হাসির আড়ালের কষ্ট, ব্যর্থতা ও সংগ্রামের গল্প খুব কমই দেখা যায়। ফলে আমরা অন্যের জীবনের একটি অংশ দেখে নিজের পুরো জীবনকে বিচার করতে শুরু করি। এই ভুল তুলনা মানুষের মনে অপ্রাপ্তির অনুভূতি বাড়ায়।

 

মনে হয়, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে আছি। অথচ বাস্তবতা হলোÑপ্রত্যেক মানুষই কোনো না কোনো সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। যাকে আমরা সফল মনে করি, তার জীবনেও থাকতে পারে অজানা চাপ, দুশ্চিন্তা ও কঠিন লড়াই। অন্যের সাফল্যে হিংসা করা সহজ, কিন্তু সেই সাফল্যকে সম্মান করা এবং নিজের জন্য অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করা একটি পরিণত মানসিকতার পরিচয়। কারণ হিংসা প্রথমে অন্যকে নয়, নিজের মনকেই অশান্ত করে। অন্যের ভালো দেখে আনন্দিত হতে পারলে নিজের মধ্যেও তৈরি হয় ইতিবাচক শক্তি। সমাজে অনেক সময় একটি ভুল ধারণা তৈরি হয়Ñঅন্যের এগিয়ে যাওয়া মানেই নিজের পিছিয়ে পড়া। এটি সত্য নয়। একজনের সাফল্য আরেক জনের ব্যর্থতার কারণ নয়।

 

পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য আলাদা সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তাই অন্যের অর্জন থেকে শিক্ষা নিয়ে নিজের পথ তৈরি করাই হওয়া উচিত লক্ষ্য। সুখের আরেকটি বড় বাধা হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা অনেক সময় বাস্তবতার চেয়ে কল্পনার জগতে বেশি বসবাস করি। চাই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটুক। কিন্তু জীবন সব সময় আমাদের ইচ্ছামতো চলে না। তাই বাস্তবতাকে গ্রহণ করার ক্ষমতাও জীবনের বড় শিক্ষা। এর অর্থ এই নয় যে মানুষ স্বপ্ন দেখবে না বা উন্নতির চেষ্টা করবে না। বরং স্বপ্ন, লক্ষ্য ও পরিশ্রম মানুষের এগিয়ে যাওয়ার শক্তি। তবে সেই সঙ্গে প্রয়োজন ধৈর্য ও বাস্তবতা বোঝার ক্ষমতা।

 

অযৌক্তিক প্রত্যাশা মানুষকে হতাশ করে, আর বাস্তবসম্মত লক্ষ্য মানুষকে সফলতার পথে এগিয়ে নেয়। ব্যর্থতার ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। আমাদের সমাজে ব্যর্থতাকে অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয়। পরীক্ষায় ভালো ফল না হলে, চাকরি না পেলে কিংবা ব্যবসায় ক্ষতি হলে অনেকে মনে করেন সব শেষ। অথচ ব্যর্থতা জীবনের স্বাভাবিক অংশ। পৃথিবীর বহু সফল মানুষ জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছেন। কিন্তু তাঁরা ব্যর্থতাকে নিজেদের পরিচয় বানাননি; বরং সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছেন। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়।

 

কোনো ব্যর্থতা শেখায় নতুন পরিকল্পনা করতে, কোনো সংকট শেখায় নিজের শক্তি চিনতে, কোনো সম্পর্কের ভাঙন শেখায় মানুষকে বুঝতে। তাই কঠিন সময়কে শুধু দুর্ভাগ্য হিসেবে না দেখে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করা প্রয়োজন। পরিবার, শিক্ষা ও সামাজিক পরিবেশ একজন মানুষের চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুকে ছোটবেলা থেকেই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের যোগ্যতা অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহ দেওয়া উচিত। কারণ আত্মবিশ্বাসী মানুষই জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানেও শুধু ফলাফল নয়, শিক্ষার্থীর মানসিক বিকাশ, সৃজনশীলতা, সহমর্মিতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

একজন শিক্ষার্থীর সফলতা শুধু নম্বরে সীমাবদ্ধ নয়; তার চরিত্র, চিন্তা ও মানবিক গুণাবলিও সমান গুরুত্বপূর্ণ। একটি সুন্দর সমাজ গড়ে ওঠে তখনই, যখন মানুষ শুধু নিজের সাফল্য নিয়ে ব্যস্ত থাকে না; অন্যের সুখ-দুঃখকেও গুরুত্ব দেয়। অন্যের সাফল্যে অভিনন্দন জানানো, বিপদে পাশে দাঁড়ানো এবং ব্যর্থ মানুষকে উৎসাহ দেওয়াÑএসব ছোট ছোট মানবিক আচরণ সমাজকে আরও সুন্দর করে। মানসিক শান্তি কোনো বাহ্যিক সম্পদের বিষয় নয়। অনেক অর্থবান মানুষও অশান্তিতে থাকেন, আবার সীমিত সামর্থ্যের মানুষও সুখী জীবন যাপন করেন। কারণ সুখের সঙ্গে মানুষের চিন্তার গভীর সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি নিজের প্রাপ্তির মূল্য বুঝতে পারেন, তিনি সীমিত সুযোগের মধ্যেও আনন্দ খুঁজে নিতে পারেন। সবশেষে বলা যায়, জীবনের সব সমস্যা দূর করা সম্ভব নয়। প্রতিকূলতা থাকবে, ব্যর্থতা আসবে, অপ্রাপ্তিও থাকবে। কিন্তু এসবের মধ্যেও ভালো থাকার ক্ষমতাই হলো জীবনের বড় প্রজ্ঞা।

 

অন্যের সাফল্যে হিংসা নয়, অনুপ্রেরণা; ব্যর্থতায় হতাশা নয়, শিক্ষা; অপ্রাপ্তিতে আফসোস নয়, প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতাÑএই মানসিকতাই মানুষকে সত্যিকারের সুখী করে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, সুখ কোনো নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় না। সুখের শুরু আমাদের নিজের ভেতর থেকে, আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে।ঘটনা নয়, ঘটনার ব্যাখ্যাই অনেক সময় আমাদের সুখ বা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই পৃথিবীকে বদলানোর আগে বদলাতে হবে নিজের দেখার চোখ। কারণ সুখের শুরু বাইরের কোনো অর্জনে নয়, সুখের শুরু আমাদের নিজের দৃষ্টিভঙ্গিতে।

লেখক: সংবাদকর্মী

 

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে পরিত্যাক্ত পাটকেলঘাটা অডিটরিয়াম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে পরিত্যাক্ত পাটকেলঘাটা অডিটরিয়াম

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পাটকেলঘাটা একমাত্র অডিটরিয়াম এখন নেশাখোরদের আড্ডাখানা। সরকারি এই জরাজীর্ণ ভবনটি এখনো কালের স্বাক্ষী হিসেবে স্রণ করিয়ে দেয় পাটকেলঘাটা বানিজ্য কেন্দ্রে ইতিহাস ঐতিহ্যের কথা। রাজনৈতিক মঞ্চে এই অডিটরিয়াম সংস্কারে নেতারা বিভিন্ন সময়ে ওয়াদা-প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ কথা রাখেনি।

জানা গেছে, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান-এমপি পাটকেলঘাটা হাই স্কুলের মধ্যে একটি অডিটরিয়াম নির্মাণ করার পরিকল্পনা করেন। তৎকালীন সময়ের স্কুলে জমিদাতা তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এবিএম আলতাফ হোসেন, তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক জমিদাতা প্রয়াত মফিদুল ইসলাম, জমিদাতা প্রয়াত আবু বক্কার, তৎকালীন সময়ের প্রধান শিক্ষক পশুপতিসহ ১০সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করেন। এক হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিল্ডিং নির্মাণ করা হয়। একই বিল্ডিংয়ে একটি উঁচু বিশাল স্টেজ তৈরি করা হয়। দক্ষিণ পাশে বিশাল দুটি রেস্ট রুম করা হয়।

উপরে টিনের ছাউনি তৈরি করা হয়। গরমের দিনের কথা চিন্তা করে বড় বড় জানালা তৈরি করা হয়। এক বছর সময় লাগে। ১৯৮০ সালের আনুষ্ঠানিকভাবে বিশাল আয়োজনে ঐতিহাসিক অডিটরিয়ামটি উদ্বোধন করা হয়। এরপর সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সেই থেকে রাজনৈতিক দলের সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষকদের ট্রেনিং, দর্জি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সভা সমাবেশ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠে পাটকেলঘাটা অডিটরিয়াম। অডিটরিয়াম এর রক্ষাণাবেক্ষণ, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ ছিল স্কুলের হাতে। কিন্তু ১৯৯৬ সালে অডিটরিয়ামের নিয়ন্ত্রণ চলে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে। তখন থেকে অডিটরিয়ামে কোন অনুষ্ঠান করতে হলে তালায় অবস্থিত ইউএনও অফিসের অনুমতি নেওয়ার বিধান চালু হয়।

 

আমলাতান্ত্রিক জটিলতা এবং অডিটরিয়াম থেকে ইউএনও অফিসের অবস্থান ভিন্ন হওয়ায় ধীরে ধীরে অডিটরিয়াম ব্যবহারে নিরুৎসাহিত হতে থাকে ব্যবহারকারীরা। বিকল্প হিসেবে খোলামেলা স্থানে অনুষ্ঠান করার প্রচলন শুরু হয়। ফলে অডিটরিয়াম ব্যবহার কমতে কমতে এক সময় সেটা পরিত্যাক্ত ভবনে পরিণত হয়।

এমন অবস্থায় ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পাটকেলঘাটার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে অডিটরিয়ামটির সংস্কারের উদ্যোগ নেন। ২০১১ সালের দিকে সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দও দেন। কিন্তু জরাজীর্ণ এই ভবনের সংস্কারে সেই অর্থ খুবই অপ্রতুল হওয়ায় নামমাত্র সংস্কার হলেও তা ব্যবহার উপযোগী করা হয়নি। অন্যান্য সময়ে জনপ্রতিনিধিরা অডিটরিয়ামটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়নে এগিয়ে আসেনি।

পাটকেলঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, অডিটরিয়াম সংস্কার করার কোন অর্থ আমাদের ফান্ডে নেই।

তালা উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আফরোজা স্বর্ণা বলেন, এই মুহূর্তে আমাদের কাছে সরকারি কোন অর্থ নেই। যদি পাই তাহলে বিষয়টি দেখব।

যুগীপুকুর গ্রামের রেজাউল বিশ্বাস, জাসদ নেতা আবুল কালাম আজাদ মিলন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সাবেক সভাপতি শেখ জহুরুল হক বলেন পাটকেলঘাটা অডিটরিয়ামটি এখন জরাজীর্ণ। এই ভবনই পাটকেলঘাটা বানিজ্য কেন্দ্রের ঐতিহ্যের সাক্ষ্য দেয়। তারা অডিটরিয়ামটি দ্রুত সংস্কারের দাবী জানান।