অতিরিক্ত শুল্কারোপে বেনাপোলে মাছ আমদানি কমছে, বাজারে অস্থিরতা
Oplus_0
বেনাপোল (যশোর) প্রতিনিধি: সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভারত থেকে মাছ আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ হয়ে পড়েছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় আমদানিকারকেরা নতুন কোনো এলসি (ঋণপত্র) দিচ্ছেন না। ফলে দেশের বাজারে রুই-কাতলাসহ বিভিন্ন ভারতীয় মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১১ জুন চলতি অর্থবছরে ভারত থেকে সাদা মাছ আমদানির ওপর মোট শুল্কহার ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করেছে। এতে কেজিতে শুল্ক বেড়েছে ৪৫ থেকে ৫০ টাকা। বেনাপোল কাস্টমসের তথ্য অনুযায়ী, মিঠা পানির মাছের শুল্ক কেজিতে ৮৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৩১ টাকা ৬০ পয়সা এবং সামুদ্রিক ও রুই-কাতলা মাছের শুল্ক ৪৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৬৬ টাকা ১০ পয়সা হয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, নতুন কর আরোপের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম। ব্যবসায়ীদের পক্ষ থেকে এই শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রক আস ওয়াদুল আলম জানান, বাজেট ঘোষণার পর এক সপ্তাহেই মাছ আমদানি প্রায় ৫০ মেট্রিক টন কমে গেছে। গত ৫ থেকে ১১ জুন যেখানে ৩৯৭ টন মাছ এসেছিল, সেখানে ১২ থেকে ১৮ জুন এসেছে ৩৪৭ টন। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুল্ক বৃদ্ধির কারণে বন্দর দিয়ে মাছ আমদানি কমছে। তবে গত ১১ মাসে এই বন্দর দিয়ে ৩৪ হাজার ৪৬৫ দশমিক ৭৭২ মেট্রিক টন মাছ আমদানি হয়েছে।







