বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান বিষয়টি নিশ্চিত করেন। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক নাসিমা খানের। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এ সিনেমার মাধ্যমে দর্শক মহলে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন নাসিমা খান। সে সময়ের চলচ্চিত্রাঙ্গনে তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় মুখ।

দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।

দীর্ঘ বিরতির পর ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে সর্বশেষ তাকে পর্দায় দেখা যায়।

নাসিমা খানের মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে যুক্ত এক অভিনেত্রীর অধ্যায়ের অবসান ঘটলো।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্ম নাসিমা খানের। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। তার বাবা মোহাম্মদ মাসুদ খান ছিলেন ব্যবসায়ী।

Ads small one

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবাধিকারকর্মীদের এ সমাবেশ থেকে নারীর সব ধরনের বাধা দূর করা, অবাধ চলাচল নিশ্চিত করা এবং নিরাপদ ও ভীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় সব ধরনের সহিংসতার প্রতিবাদে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্বদেশ সংস্থার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধন ও সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রধান ও প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নারী নেত্রীরা অংশ নেন। বক্তারা সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরে এসব সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

হেমলকের নিমন্ত্রণ ও মুক্তচিন্তার চিরন্তন সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
হেমলকের নিমন্ত্রণ ও মুক্তচিন্তার চিরন্তন সংকট

ইতিহাসের এক অদ্ভুত বৈশিষ্ট্য হলো, কখনো কখনো সে নিজেকে পুনরাবৃত্তি করে। আবার কখনো দূর অতীতের আয়নায় বর্তমান সমাজের বাস্তবতাকে স্পষ্ট করে তোলে। সমকালীন কথাসাহিত্যিক ও কূটনীতিক সুজন দেবনাথের ‘হেমলকের নিমন্ত্রণ’ উপন্যাসটি পড়তে গিয়ে এমন অনুভূতিই বারবার জাগে। আড়াই হাজার বছর আগের প্রাচীন গ্রিসের ক্লাসিক্যাল যুগ, বিশেষ করে এথেন্সে জ্ঞান-বিজ্ঞানের বিকাশকে কেন্দ্র করে রচিত এ উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে মনে হয়, লেখক অতীতের গল্প বলতে গিয়ে মূলত বর্তমান সমাজেরই নানা সংকট তুলে ধরেছেন।

আধুনিক সভ্যতার গুরুত্বপূর্ণ ভিত্তি—দর্শন, বিজ্ঞান, ইতিহাস, নাট্যচর্চা, চিকিৎসাশাস্ত্র এবং গণতন্ত্রের বিকাশে প্রাচীন এথেন্সের অবদান অনস্বীকার্য। সক্রেটিস, প্লেটো, হিপোক্রেটিস, হেরোডোটাস কিংবা সফোক্লিসের মতো মনীষীরা তাঁদের চিন্তা, গবেষণা ও সৃজনশীলতার মধ্য দিয়ে মানবসভ্যতাকে নতুন পথ দেখিয়েছেন। উপন্যাসে লেখক দেখিয়েছেন, তাঁদের এই অবদান কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং সমাজের প্রচলিত অন্ধত্ব ও অজ্ঞতার বিরুদ্ধে একদল মানুষের নিরন্তর জ্ঞানচর্চা, অনুসন্ধান ও প্রশ্ন করার সাহসের ফল।

উপন্যাসটির মূল দর্শন যেন লুকিয়ে আছে এর নামকরণেই—‘হেমলকের নিমন্ত্রণ’। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে যারা প্রচলিত বিশ্বাস, কুসংস্কার ও ক্ষমতাকাঠামোর বিরুদ্ধে যুক্তির আলো জ্বালাতে চেয়েছেন, তাঁদের অনেককেই নিপীড়ন ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সক্রেটিসকে হেমলক পান করতে বাধ্য করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি যুবসমাজকে বিপথে পরিচালিত করছেন এবং প্রচলিত দেববিশ্বাসকে অস্বীকার করছেন। কিন্তু এর অন্তরালে ছিল তাঁর প্রশ্ন করার প্রবণতা, যুক্তিনির্ভর চিন্তা এবং তরুণদের প্রচলিত ধারণাকে যাচাই করতে উদ্বুদ্ধ করার বিষয়টি।

প্রশ্ন হলো, আড়াই হাজার বছর আগের এথেন্সের সেই সংকট কি একুশ শতকে এসে শেষ হয়েছে? আমরা কি সত্যিই একটি মুক্ত, পরমতসহিষ্ণু ও যুক্তিবাদী সমাজ গড়ে তুলতে পেরেছি? বাস্তবতা বলছে, এ প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি ইতিবাচক নয়।

বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির যুগেও মানুষ গুজব, উগ্রতা ও অন্ধবিশ্বাসের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যম তথ্যের অবাধ প্রবাহের সুযোগ তৈরি করলেও অনেক ক্ষেত্রে তা ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, অপপ্রচার এবং ডিজিটাল গণবিচারের ক্ষেত্র হয়ে উঠছে। সমাজ ও রাষ্ট্রের ভুলত্রুটি নিয়ে কেউ প্রশ্ন তুললে কিংবা প্রচলিত ধারণার বাইরে গিয়ে সত্য প্রকাশের চেষ্টা করলে তাকে কখনো সামাজিক বয়কট, কখনো আইনি জটিলতা, আবার কখনো প্রাতিষ্ঠানিক ও সামাজিক চাপের মুখোমুখি হতে হয়। এক অর্থে, হেমলকের সেই প্রতীকী পাত্র আজও নানা রূপে মানুষের সামনে হাজির হচ্ছে।

উপন্যাসে প্লেটো ও সক্রেটিসের চিন্তাজগতের ভিন্নতা এবং তাঁদের দর্শনের নানা দিক উঠে এসেছে। একদিকে প্লেটোর আদর্শবাদী দর্শন, অন্যদিকে সক্রেটিসের প্রশ্ননির্ভর জ্ঞানচর্চা—দুটি ধারাই মানবসভ্যতার চিন্তার জগৎকে সমৃদ্ধ করেছে। বর্তমান সমাজেও এমন মানুষের প্রয়োজন, যাঁরা প্রচলিত স্রোতের বাইরে দাঁড়িয়ে যুক্তি ও বিবেকের আলোয় সমাজকে পথ দেখাবেন। পরিবেশ বিপর্যয়, জলবায়ু সংকট, নৈতিক অবক্ষয় ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যাঁরা প্রশ্ন তুলবেন এবং মানুষকে সচেতন করবেন।

গণতন্ত্রের প্রাথমিক বিকাশও এথেন্সে নানা সীমাবদ্ধতা ও দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছিল। সেখানে ক্ষমতার প্রভাব, রাজনৈতিক স্বার্থ ও সামাজিক বৈষম্য ছিল। বর্তমান পৃথিবীতেও গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার চর্চা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক ক্ষেত্রে গণতান্ত্রিক কাঠামো বিদ্যমান থাকলেও ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠে না। এ বাস্তবতায় ‘হেমলকের নিমন্ত্রণ’ আমাদের গণতন্ত্রের প্রকৃত চর্চা, মুক্তচিন্তা ও সহনশীলতার প্রয়োজনীয়তা নতুন করে ভাবতে শেখায়।

সুজন দেবনাথের এই উপন্যাস কেবল প্রাচীন ইতিহাসের রস আস্বাদনের সুযোগ তৈরি করে না; বরং পাঠককে নিজের সময় ও সমাজের দিকে নতুন করে তাকাতে উদ্বুদ্ধ করে। এটি মনে করিয়ে দেয়, অজ্ঞতা, কুসংস্কার ও কূপমণ্ডূকতা থেকে মুক্ত হতে হলে সমাজে প্রশ্ন করার পরিবেশ তৈরি করতে হবে। ভিন্নমতকে শত্রু হিসেবে নয়, চিন্তা ও জ্ঞানচর্চার স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

কারণ, প্রশ্নহীন সমাজে জ্ঞানচর্চা বিকশিত হয় না, আর মুক্তচিন্তা ছাড়া সভ্যতার অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হয়। সত্য ও যুক্তির পক্ষে দাঁড়ানোর মূল্য কখনো কখনো অনেক বেশি হতে পারে। তবু সেই সাহস ও নৈতিক দৃঢ়তাই একটি সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নেয়। ‘হেমলকের নিমন্ত্রণ’ তাই শুধু অতীতের একটি ঘটনার স্মারক নয়; এটি মুক্তচিন্তা, মানবিকতা ও যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার এক চিরন্তন আহ্বান।

লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিম: ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিম: ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

 

ইরাকের বাগদাদ থেকে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে এসে বসতি গড়েন মরহুম সৈয়দ আলী আকবর (রহ.)। তাঁরই বংশে জন্মগ্রহণ করেন বহু আল্লাহওয়ালা বুজুর্গ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিম (রহ.)। দেশব্যাপী দ্বীনি খেদমত, দাওয়াত ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

তাঁর পিতা সৈয়দ ইসহাক (রহ.) ছিলেন একজন নিষ্ঠাবান দাঈ ও চিশতিয়া তরিকার বিশিষ্ট ব্যক্তিত্ব। পিতার আদর্শ ও দ্বীনি মিশনকে সামনে রেখে সৈয়দ ফজলুল করিম (রহ.) নিজেকে ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিয়োজিত করেন।

১৯৩৫ সালে বরিশালের চরমোনাই গ্রামে তাঁর জন্ম। পিতার নিবিড় তত্ত্বাবধানে দ্বীনি পরিবেশে বেড়ে ওঠেন তিনি। চরমোনাই প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর পড়াশোনার পর ১৯৪৫ সালে পিতার প্রতিষ্ঠিত চরমোনাই কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানকার শিক্ষা সমাপ্ত করে ১৯৫৬ সালে উচ্চশিক্ষার জন্য ঢাকার লালবাগ মাদ্রাসায় ভর্তি হন। ১৯৫৭ সালে লালবাগ জামিয়া থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এ সময় হাফেজ্জি হুজুর (রহ.)-সহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখের সান্নিধ্য ও শিষ্যত্ব লাভের সুযোগ পান। তাঁর মেধার পরিচয় পাওয়া যায় তিরমিজি শরিফের পরীক্ষায়, যেখানে হাফেজ্জি হুজুর (রহ.) তাঁকে ১০৫ নম্বর প্রদান করেন বলে জানা যায়।

শিক্ষাজীবন শেষে চরমোনাই কামিল মাদ্রাসায় অধ্যাপনার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। প্রায় দেড় যুগ তিনি সেখানে তাফসির, হাদিস, ফিকহসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। আরবি ভাষা ও সাহিত্যে তাঁর অসাধারণ দক্ষতা ছিল। উচ্চতর আরবি সাহিত্যগ্রন্থ ‘মাকামাতে হারিরি’ পড়ানোর মধ্য দিয়ে তিনি সেই যোগ্যতার পরিচয় দেন।

দাওয়াত ও আত্মশুদ্ধির নিরলস সাধক

সৈয়দ ফজলুল করিম (রহ.)-এর জীবনের অন্যতম প্রধান অধ্যায় ছিল দ্বীনি দাওয়াত। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন মানুষকে বিশুদ্ধ আকিদা ও ইসলামের শিক্ষা দিতে। প্রতিকূল আবহাওয়া, দীর্ঘ পথ কিংবা যাতায়াতের সীমাবদ্ধতা তাঁর দাওয়াতি কর্মকাণ্ডকে থামাতে পারেনি। বাস, গাড়ি, নৌকা কিংবা লঞ্চে চড়ে পৌঁছে যেতেন মাহফিলের ময়দানে।

তাঁর বক্তব্যের বিশেষ আকর্ষণ ছিল দরদমাখা কণ্ঠ, সহজ উপস্থাপনা ও হৃদয়স্পর্শী আহ্বান। মানুষকে অন্যায় ও পাপের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতেন। তাঁর বক্তব্যে যেমন ছিল জ্ঞানের গভীরতা, তেমনি ছিল মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণকামিতা।

মাহফিলকে অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং উম্মাহর সংশোধন ও দ্বীনি জাগরণের ক্ষেত্র হিসেবে দেখতেন তিনি। তাঁর হাতে আত্মশুদ্ধির অঙ্গীকার গ্রহণকারী অনুসারীদের খোঁজখবর রাখতেন এবং তাঁদের আধ্যাত্মিক উন্নতির জন্য সচেষ্ট থাকতেন। তাঁর দাওয়াতি কর্মকাণ্ডের ফলে দেশ-বিদেশে অসংখ্য ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী গড়ে ওঠে।

ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন ইবাদত ও সাধনায় নিবেদিত। সকাল-সন্ধ্যা আল্লাহর জিকির, গভীর রাতে তাহাজ্জুদ এবং আল্লাহর দরবারে কান্নাকাটি ছিল তাঁর জীবনের নিয়মিত অনুষঙ্গ।

সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক অবদান

তিনি শুধু পীর-মুরিদির পরিসরে নিজের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেননি। দ্বীনি শিক্ষা, সামাজিক সংস্কার ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তোলেন।

১৯৮২ সালে সর্বস্তরের মুসলমানের মধ্যে আল্লাহর জিকিরের প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটি গঠন করেন। একই বছর প্রতিষ্ঠা করেন চরমোনাই কওমি মাদ্রাসা। ১৯৮৭ সালে তাঁর উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের যাত্রা শুরু হয়। ১৯৮৯ সালে দ্বীনি শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। ছাত্রসমাজকে দ্বীনি আদর্শে গড়ে তুলতে ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে ইসলামী আইনজীবী পরিষদ এবং ২০০৪ সালে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন গঠনে ভূমিকা রাখেন।

শিক্ষক হিসেবে তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনি শিক্ষার প্রসারে ভূমিকা রাখছেন। খানকা, শিক্ষাপ্রতিষ্ঠান, দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক পরিসরে তাঁর অবদান তাঁকে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

শেষ কথা

সৈয়দ ফজলুল করিম (রহ.) ছিলেন একজন শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, পীর, দাঈ ও সংগঠক। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি দ্বীনি শিক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। তাঁর কর্মময় জীবন অসংখ্য মানুষের কাছে আজও অনুপ্রেরণার উৎস।

২০০৬ সালের ২৫ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দেখতে দেখতে তাঁর ওফাতের ২০ বছর পূর্ণ হলো। তাঁর রেখে যাওয়া দ্বীনি শিক্ষা, প্রতিষ্ঠান ও সাংগঠনিক কর্মকাণ্ড অনুসারীদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

উম্মাহর এই নিবেদিত খাদেমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

লেখক: সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, জেলা যুবনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)