সম্পাদকীয়/ প্রসঙ্গ: দৃষ্টিপ্রতিবন্ধীর পুঁজি কেড়ে নেওয়ার লজ্জা
সাতক্ষীরা জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ক্যালেন্ডার বিক্রেতা দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিমের কাছ থেকে টাকা ভাঙানোর কথা বলে পুঁজি হাতিয়ে নেওয়ার ঘটনাটি কেবল একটি সাধারণ প্রতারণা নয়; এটি আমাদের সামাজিক বিবেক, মানবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে ঘটা এই প্রতারণায় তিনি তাঁর প্রতিদিনের আয়ের পাশাপাশি ব্যবসার পুঁজিও হারিয়েছেন, যার ওপর তাঁর পরিবারের ভরণপোষণ নির্ভর করে। যে স্থানে বিচারপ্রার্থী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের যাতায়াত, ঠিক সেই চত্বরেই একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এমন কাজ করা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।
শাহজাহান সেলিম কোনো দয়া বা ভিক্ষার ওপর নির্ভরশীল নন; বরং শ্রম ও আত্মমর্যাদার মাধ্যমে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলরও বটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিনই জেলা প্রশাসক তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন, অথচ সেই প্রশাসনিক ও বিচারিক কেন্দ্রের কাছাকাছি স্থানেই তিনি প্রতারণার শিকার হলেন। অল্প পুঁজিতে চলা ছোট ব্যবসার মূলধন হারিয়ে এখন তিনি নতুন করে ব্যবসা শুরু করার মতো সংকটে পড়েছেন।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা কেবল আইনের কথা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্বও। প্রকাশ্য দিবালোকে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশপাশে যদি প্রতারক চক্র সক্রিয় থাকে এবং সহজেই পার পেয়ে যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাবোধও দুর্বল হয়ে পড়ে। তাই দ্রুত এই প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হারানো অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি।
পাশাপাশি, এই মুহূর্তে সেলিমের সবচেয়ে বড় প্রয়োজন তাঁর ব্যবসার পুঁজি ফিরে পাওয়া, যাতে তিনি আবারও সম্মানের সঙ্গে নিজের কাজ শুরু করতে পারেন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো তাঁর পাশে দাঁড়ালে এই ধাক্কা সামলে ওঠা তাঁর জন্য সহজ হবে। সাতক্ষীরার আদালত ও প্রশাসন চত্বর হোক নিরাপদ ও মানবিকÑএই প্রত্যাশাই করি।













