শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, বিজয়ের ঠিক আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এ হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায়। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহিদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সার্বিক কর্মপরিকল্পনা, অনুষ্ঠান আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









