অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড: নারীর প্রতি সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস
সাকিবুর রহমান বাবলা
নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদার প্রশ্ন। পৃথিবীর কোনো দেশ, সমাজ কিংবা জনগোষ্ঠীই এ সংকটের বাইরে নয়। আইন ও নীতিমালা প্রণয়নে অগ্রগতি সত্ত্বেও নারী ও কন্যাশিশুরা পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল এবং অনলাইন জগতে নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এ বাস্তবতায় প্রতিবছর ২৫ নভেম্বর পালিত হয় ‘নারীর প্রতি সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস’। দিবসটি উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী প্রচারাভিযান পরিচালিত হয়, যা ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের সক্রিয়তা’ নামে পরিচিত।
দিবসটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ডোমিনিকান প্রজাতন্ত্রের তিন সাহসী নারী অধিকারকর্মী মিরাবেল ভগ্নিত্রয়ের আত্মত্যাগ। ১৯৬০ সালের ২৫ নভেম্বর স্বৈরশাসক রাফায়েল ত্রুহিয়োর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থাকার কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেলকে হত্যা করা হয়। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৮১ সালে লাতিন আমেরিকার নারী অধিকারকর্মীরা দিনটিকে নারী নির্যাতনবিরোধী দিবস হিসেবে পালন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ নারীর প্রতি সহিংসতা বিলোপসংক্রান্ত ঘোষণা গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর গৃহীত ৫৪/১৩৪ প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জাতিসংঘের সংজ্ঞায় নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বলতে এমন কর্মকাণ্ডকে বোঝায়, যার ফলে নারীর শারীরিক, যৌন বা মানসিক ক্ষতি কিংবা যন্ত্রণার সৃষ্টি হয় বা হওয়ার আশঙ্কা থাকে। এর মধ্যে হুমকি, জবরদস্তি এবং ব্যক্তিগত বা জনজীবনে স্বাধীনতা থেকে স্বেচ্ছাচারীভাবে বঞ্চিত করাও অন্তর্ভুক্ত। ২০২৬ সালের জাতিসংঘ মহাসচিবের ‘ইউনাইট’ প্রচারাভিযানের প্রতিপাদ্য—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটান।’ এর প্রতীকী কর্মসূচি ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’। সহিংসতামুক্ত উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় ১৬ দিন বিশ্বজুড়ে নানা কর্মসূচি পালনের পাশাপাশি কমলা রঙে সাজানো হয় বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থান।
জাতিসংঘ ও ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন, অর্থাৎ আনুমানিক ৮৪ কোটি নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। ২০২৩ সালের এক প্রতিবেদনে (প্রকাশিত ২০২৪) বলা হয়েছে, ওই বছর ৫১ হাজার ১০০-এর বেশি নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৩৭ জন, কিংবা প্রতি ১০ মিনিটে একজন প্রাণ হারিয়েছেন। অনলাইন সহিংসতাও উদ্বেগজনকভাবে বাড়ছে। হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, ব্ল্যাকমেইল ও পরিচয় গোপন রেখে অপপ্রচার নারীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে সংকুচিত করছে। বিভিন্ন গবেষণায় কিশোরী ও তরুণীদের অনলাইন হয়রানির উচ্চ ঝুঁকির বিষয়টিও উঠে এসেছে।
সহিংসতার শিকার নারীদের জন্য ন্যায়বিচার পাওয়ার পথও সহজ নয়। সামাজিক কলঙ্ক, ভয়, আর্থিক নির্ভরশীলতা, পারিবারিক চাপ, অপরাধীর হুমকি এবং বিচারব্যবস্থার জটিলতা তাঁদের অভিযোগ জানাতে নিরুৎসাহিত করে। অনেক নারী নির্যাতনের কথা প্রকাশ করলে পরিবার, সন্তান, বাসস্থান কিংবা জীবিকার নিরাপত্তা হারানোর আশঙ্কা করেন। ফলে নীরবতা অনেক সময় তাঁদের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত নয়, বরং প্রতিকূল পরিস্থিতির চাপ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ২০২৬ সালের বাণীতে নিরাপদ ও গোপনীয় অভিযোগব্যবস্থা, বিনামূল্যে আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক পরামর্শ, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত অর্থায়ন এবং অপরাধী ও দায়িত্ব পালনে ব্যর্থ প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুরুষ ও ছেলেদের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও ক্ষতিকর সামাজিক প্রথা পরিবর্তনে সক্রিয় সহযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৪ সালের জাতীয় জরিপে দেখা যায়, প্রায় ৭৬ শতাংশ নারী জীবনে কোনো না কোনো সময় স্বামী বা জীবনসঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এবং ৪৯ শতাংশ গত এক বছরে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। নিয়ন্ত্রণমূলক আচরণ, শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের হার যথাক্রমে ৬৭.৬, ৪৭.৩, ৩৭.৪, ২৯ ও ১৯.৬ শতাংশ। জীবনসঙ্গী ছাড়া অন্য ব্যক্তির মাধ্যমে ১৫ শতাংশ নারী শারীরিক এবং ২.২ শতাংশ যৌন সহিংসতার শিকার হয়েছেন। জরিপে ৬৪ শতাংশ নির্যাতিত নারী কাউকে বিষয়টি জানাননি। মাত্র ১৪.৫ শতাংশ চিকিৎসা এবং ৭.৪ শতাংশ আইনি সহায়তা নিয়েছেন। দুর্যোগপ্রবণ এলাকার নারীদের ঝুঁকি বেশি; অন্যদিকে উচ্চশিক্ষা নারীর সহিংসতার ঝুঁকি কমাতে সহায়ক। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জনসমাগমস্থলে যৌন হয়রানি, মজুরিবৈষম্য এবং ডিজিটাল নির্যাতনও বিশেষ উদ্বেগের বিষয়।
বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮, ১০ ও ১৯ অনুচ্ছেদে সমতা এবং জাতীয় জীবনে নারীর অংশগ্রহণের অধিকার স্বীকৃত। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০; বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭; যৌতুক নিরোধ আইন, ২০১৮; অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২; সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬সহ বিভিন্ন আইন নারীর সুরক্ষায় আইনি ভিত্তি তৈরি করেছে। পারিবারিক আদালত আইন, ২০২৩; শ্রম আইন, ২০০৬; বিবাহ ও উত্তরাধিকারসংক্রান্ত আইনও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
নারীর সুরক্ষায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, সমাজসেবা অধিদপ্তর, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টার, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এবং জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, ব্র্যাক ও বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন বেসরকারি সংগঠন আইনি সহায়তা ও পুনর্বাসনে ভূমিকা রাখছে। জরুরি সহায়তার জন্য ১০৯ (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ), ৯৯৯ (জাতীয় জরুরি সেবা), ১০৯৮ (শিশু সহায়তা), ১৬৬৯৯ (সরকারি আইনি সহায়তা) এবং ৩৩৩ (প্রশাসনিক সহায়তা) নম্বরে যোগাযোগ করা যায়।
নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু দিবস পালন, স্লোগান কিংবা আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রয়োজন আইনের নিরপেক্ষ প্রয়োগ, দ্রুত বিচার, অপরাধীর শাস্তি, ভুক্তভোগীর নিরাপত্তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পরিবার থেকে রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র এবং বাস্তব জগৎ থেকে ডিজিটাল পরিসর—সর্বত্র নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। কমলা রঙের বিশ্বসজ্জার বার্তা হোক—নারীর জন্য ভয়মুক্ত জীবন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত মানবিক পৃথিবী গড়ার সম্মিলিত অঙ্গীকার।









