তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ও এক পঙ্গু ব্যক্তি পাচ্ছেন ৩৮ লাখ টাকা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবার ও দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী একজনের জন্য মোট ৩৮ লাখ টাকা সরকারি ক্ষতিপূরণ অনুমোদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে বিআরটিএর স্থায়ী অনুসন্ধান কমিটির সভায় আবেদনগুলো যাচাই-বাছাই শেষে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাঁচ লাখ টাকা এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তি তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।
সভায় কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আরএমও ডা. মো. ফয়সাল সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার প্রভাষক কুমার দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুমোদিত তালিকায় রয়েছেন তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মেহেদী হাসান (১৫), যিনি গত ২৬ মে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হন। এ ছাড়া পাটকেলঘাটা ব্রিজে মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে নিহত মেহেদী হাসান সবুজ (৩০), সাহাপুর বাজারের পশ্চিমে বাস ও মোটরভ্যানের সংঘর্ষে নিহত ডুমুরিয়ার বেতাগ্রামের হারুনর রশিদ (৩৮), শাকদহা এলাকায় পরিবহনের সঙ্গে সংঘর্ষে নিহত মাজেদ গাজী (৬৩), সাহাপুর বাজারে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে নিহত স্কুলছাত্র কুশল সরকার (১৩), শাকদহা এলাকায় বাসের ধাক্কায় নিহত আনন্দ দাস (৫৭) এবং কুমিরা বাজার মোড়ে মোটরসাইকেলের আঘাতে নিহত জয়দেব সরকারের (৫৫) পরিবারের আবেদন।
অন্যদিকে, ডুমুরিয়ার কাকুড়পাড়া গ্রামের আব্দুস সাত্তার (৪০) গত ৯ জুলাই তালার সাহাপুর বাজারে মোটরচালিত ভ্যান ও পরিবহনের সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর ক্ষতিপূরণের আবেদনও অনুমোদন পেয়েছে।
কমিটির সদস্য সচিব ও বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক জানান, অনুমোদিত আবেদন অনুযায়ী নিহতদের পরিবার পাঁচ লাখ টাকা করে এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তি তিন লাখ টাকা সরকারি আর্থিক ক্ষতিপূরণ পাবেন।












