মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

পত্রদূত ডেস্ক: সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন ও সদস্যসচিব মো. রবিউল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সদস্যসচিব সাইলুর রহমান।

এ ছাড়া আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন ও সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব জামির আলী মেম্বার, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রফিকুল ইসলাম, আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Ads small one

গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার সম্ভাবনা, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার সম্ভাবনা, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: ফুলের মাঠজুড়ে রঙের সমারোহ, আর সেই ফুল ঘিরেই গড়ে উঠেছে সম্ভাবনাময় অর্থনৈতিক বলয়। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষকে কেন্দ্র করে চলতি মৌসুমে প্রায় ১০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনায় নতুন আশায় বুক বাঁধছেন হাজারো ফুলচাষি। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারদরের ওঠানামা, সংরক্ষণব্যবস্থার অভাব ও ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কাও রয়েছে তাঁদের।

স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকদের তথ্য অনুযায়ী, গদখালী ও আশপাশের প্রায় ৭৫টি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। কয়েক হাজার কৃষক প্রত্যক্ষভাবে এ পেশার সঙ্গে যুক্ত। গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল উৎপাদনের মাধ্যমে দেশের ফুলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ অঞ্চল।

গদখালীতে বাণিজ্যিক ফুল চাষের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত কৃষক শের আলী সরদারের নাম। ১৯৮৩ সালে তিনি প্রথম প্রায় ৩০ শতক জমিতে রজনীগন্ধা চাষ শুরু করেন। তাঁর সেই উদ্যোগই পরবর্তী সময়ে এ অঞ্চলে ফুল চাষের নতুন দিগন্ত উন্মোচন করে। ধীরে ধীরে আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে ফুলের আবাদ।

সময়ের পরিক্রমায় গদখালী দেশের অন্যতম প্রধান ফুল উৎপাদন ও বিপণন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে এখানে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুল উৎপাদিত হচ্ছে। পাশাপাশি টিউলিপ ও লিলির মতো নতুন জাতের ফুল চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের।

গদখালীর ফুল দেশের বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করা হয়। প্রতিদিন ভোর থেকেই স্থানীয় বাজারে শুরু হয় বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও ব্যবসায়ীরা এখান থেকে ফুল সংগ্রহ করে নিয়ে যান। বর্তমানে প্রতি পিস গোলাপ ৫ থেকে ৮ টাকা, গ্লাডিওলাস ১০ থেকে ১৫ টাকা, জারবেরা ৮ থেকে ১০ টাকা এবং রজনীগন্ধা ৬ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রমল্লিকা প্রতি পিস ৪ থেকে ৫ টাকা এবং এক হাজার গাঁদা ফুল ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে ফুলের দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কখনো ভালো দাম পেলেও অনেক সময় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হয় কৃষকদের। তাঁদের অভিযোগ, উৎপাদন ব্যয় বাড়লেও সব সময় সেই অনুপাতে বিক্রিমূল্য বাড়ছে না।

ফুল চাষে জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিচর্যায় বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি একর জমিতে জারবেরা চাষে প্রায় ৩৮ লাখ টাকা, রজনীগন্ধায় ৩ লাখ, গোলাপে ৫ লাখ, গ্লাডিওলাসে সাড়ে ৪ লাখ এবং গাঁদা চাষে প্রায় আড়াই লাখ টাকা পর্যন্ত খরচ হয়। বিপুল বিনিয়োগের পর প্রত্যাশিত দাম না পেলে লোকসানের মুখে পড়তে হয় তাঁদের। মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও বাজারে সিন্ডিকেটের অভিযোগও কৃষকদের উদ্বেগ বাড়াচ্ছে।

ফুল অত্যন্ত সংবেদনশীল কৃষিপণ্য হওয়ায় সংগ্রহের পর দ্রুত বাজারজাত করা জরুরি। কিন্তু গদখালীতে পর্যাপ্ত আধুনিক সংরক্ষণাগার, হিমাগার ও উন্নত পরিবহনব্যবস্থা না থাকায় অনেক সময় ফুলের গুণগত মান ও বাজারমূল্য কমে যায়। বাধ্য হয়ে কম দামে ফুল বিক্রি করতে হয় কৃষকদের। বাজারকেন্দ্রিক অবকাঠামো ও আধুনিক বিপণনব্যবস্থার ঘাটতিও এ শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফুলশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সহজ শর্তে কৃষিঋণ, উৎপাদন উপকরণে ভর্তুকি, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণ এবং উন্নত বাজার ব্যবস্থাপনা চান কৃষকরা। মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি পাইকারি বাজারে ফুল বিক্রির সুযোগ সৃষ্টি হলে উৎপাদক ও ক্রেতা উভয়ই লাভবান হবেন বলে মনে করছেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, যথাযথ পরিকল্পনা, সরকারি-বেসরকারি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে গদখালীর ফুলশিল্প দেশের কৃষি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। রপ্তানির সুযোগ তৈরি হলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।

ফুলের রাজধানী হিসেবে পরিচিত গদখালী এখন শুধু ফুল উৎপাদনের অঞ্চল নয়, হাজারো কৃষকের জীবন-জীবিকা ও সম্ভাবনাময় কৃষিভিত্তিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শতকোটি টাকার বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কৃষকের ন্যায্যমূল্য, আধুনিক সংরক্ষণব্যবস্থা, উন্নত যোগাযোগ ও কার্যকর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। অন্যথায় বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হতে পারেন এ অঞ্চলের ফুলচাষিরা।

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ ও মিয়ারাজ হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। প্রয়োজনীয় অনুমোদন ও মানসম্মত সেবা না থাকায় এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

তাঁরা জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা

কে এম রেজাউল করিম, দেবহাটা: শীতের আগমনে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নতুন রূপে সেজে উঠেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতী নদীর তীরবর্তী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। নদীর নির্মল বাতাস, সবুজের সমারোহ, সারি সারি গাছপালা আর প্রাকৃতিক পরিবেশের মায়াজালে ঘেরা এই স্থানটি হতে পারে ভ্রমণপিপাসুদের প্রশান্তির এক অনন্য ঠিকানা।

শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান অনেকেই। বিশেষ করে শীতের ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য রূপসী দেবহাটা ম্যানগ্রোভ হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

দেবহাটা উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ ইছামতী নদী ও তার তীরবর্তী প্রাকৃতিক পরিবেশ। নদীর বয়ে চলা বাতাস, চারপাশের সবুজ গাছপালা এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের মনোরম দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। সীমান্তবর্তী ইছামতী নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ রয়েছে এখানে।

স্থানীয়দের কাছে পরিচিত এই পর্যটন কেন্দ্রটি ধীরে ধীরে ভ্রমণপ্রেমীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। শীত মৌসুমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ, ছবি তোলা, পরিবার নিয়ে অবসর কাটানো ও মানসিক প্রশান্তির জন্য এখানে দর্শনার্থীদের সমাগম বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে ওঠা রূপসী দেবহাটা ম্যানগ্রোভ শুধু বিনোদনের স্থান নয়, এটি দেবহাটার পর্যটন সম্ভাবনারও গুরুত্বপূর্ণ পরিচয়। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত বসার ব্যবস্থা, নিরাপত্তা ও পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে স্থানটি সাতক্ষীরা জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।

তবে পর্যটন কেন্দ্রটির প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, গাছপালা ও পরিবেশের ক্ষতি না করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল আচরণ জরুরি।

শীতের ছুটিতে একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ঘুরে আসতে পারেন ইছামতীর পাড়ের সবুজ-শ্যামল রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে। প্রকৃতির মায়াজালে কিছুটা সময় কাটিয়ে ফিরে পেতে পারেন নতুন উদ্যম ও প্রশান্তি।

ইছামতীর পাড়ে প্রকৃতির হাতছানি—রূপসী দেবহাটায় আপনিও ঘুরে আসুন।