মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ডাল মাড়াইয়ের যাতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ডাল মাড়াইয়ের যাতা

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: একসময় গ্রামবাংলার কৃষিজীবনের অপরিহার্য অংশ ছিল ডাল মাড়াই করার ঐতিহ্যবাহী পদ্ধতি। ফসল কাটার পর গ্রামের উঠোন বা খোলা মাঠে পরিবার ও প্রতিবেশীরা একসঙ্গে জড়ো হয়ে ডাল মাড়াই করতেন। এটি শুধু কৃষিকাজই নয়, ছিল এক ধরনের সামাজিক মিলনমেলা। তবে আধুনিকতার ছোঁয়ায় সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় হারিয়ে যেতে বসেছে।

আগে গরু দিয়ে দলাই, লাঠি দিয়ে পিটিয়ে বা পায়ে মাড়িয়ে ডাল থেকে শস্য আলাদা করা হতো। এ সময় গান, হাসি-আড্ডায় মুখর থাকত পুরো পরিবেশ। কিন্তু বর্তমানে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এই শ্রমসাধ্য পদ্ধতির প্রয়োজনীয়তা কমে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, এখন মাড়াই মেশিন ব্যবহার করলে সময় ও শ্রম দুটোই বাঁচে। ফলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হয়। তবে এর ফলে গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতার সেই বন্ধন দুর্বল হয়ে পড়ছে।
প্রবীণদের মতে, “ডাল মাড়াই ছিল শুধু কাজ নয়, ছিল আনন্দের অংশ। এখন মেশিনের শব্দে সেই আনন্দ হারিয়ে গেছে।” নতুন প্রজন্মের অনেকেই এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়।

বিশেষজ্ঞরা মনে করেন, আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া উচিত। সাংস্কৃতিক কার্যক্রম ও সচেতনতার মাধ্যমে এই হারিয়ে যাওয়া চর্চাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তারা।

গ্রামবাংলার শিকড়ে থাকা ডাল মাড়াইয়ের মতো ঐতিহ্য হারিয়ে গেলে কৃষির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে যাবে। তাই সময় থাকতে এই ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া জরুরি।

 

Ads small one

ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা

কে এম রেজাউল করিম, দেবহাটা: শীতের আগমনে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নতুন রূপে সেজে উঠেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতী নদীর তীরবর্তী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। নদীর নির্মল বাতাস, সবুজের সমারোহ, সারি সারি গাছপালা আর প্রাকৃতিক পরিবেশের মায়াজালে ঘেরা এই স্থানটি হতে পারে ভ্রমণপিপাসুদের প্রশান্তির এক অনন্য ঠিকানা।

শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান অনেকেই। বিশেষ করে শীতের ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য রূপসী দেবহাটা ম্যানগ্রোভ হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

দেবহাটা উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ ইছামতী নদী ও তার তীরবর্তী প্রাকৃতিক পরিবেশ। নদীর বয়ে চলা বাতাস, চারপাশের সবুজ গাছপালা এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের মনোরম দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। সীমান্তবর্তী ইছামতী নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ রয়েছে এখানে।

স্থানীয়দের কাছে পরিচিত এই পর্যটন কেন্দ্রটি ধীরে ধীরে ভ্রমণপ্রেমীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। শীত মৌসুমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ, ছবি তোলা, পরিবার নিয়ে অবসর কাটানো ও মানসিক প্রশান্তির জন্য এখানে দর্শনার্থীদের সমাগম বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে ওঠা রূপসী দেবহাটা ম্যানগ্রোভ শুধু বিনোদনের স্থান নয়, এটি দেবহাটার পর্যটন সম্ভাবনারও গুরুত্বপূর্ণ পরিচয়। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত বসার ব্যবস্থা, নিরাপত্তা ও পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে স্থানটি সাতক্ষীরা জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।

তবে পর্যটন কেন্দ্রটির প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, গাছপালা ও পরিবেশের ক্ষতি না করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল আচরণ জরুরি।

শীতের ছুটিতে একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ঘুরে আসতে পারেন ইছামতীর পাড়ের সবুজ-শ্যামল রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে। প্রকৃতির মায়াজালে কিছুটা সময় কাটিয়ে ফিরে পেতে পারেন নতুন উদ্যম ও প্রশান্তি।

ইছামতীর পাড়ে প্রকৃতির হাতছানি—রূপসী দেবহাটায় আপনিও ঘুরে আসুন।

সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন

জি এম আমিনুল হক

সাংবাদিকতার শুরু থেকেই প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে অভিভাবক হিসেবে পেয়েছি। তিনি আমার মতো অসংখ্য সাংবাদিক তৈরির কারিগর, পথপ্রদর্শক ও বাতিঘর। আজ ২৪ নভেম্বর প্রথিতযশা সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন। সাংবাদিকতা জগতের উজ্জ্বল এই নক্ষত্র বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক এবং চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৬৭ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার এক প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মরহুম অ্যাডভোকেট নেয়ামত উদ্দীন ও মা জেলেখা বেগমের আট সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও মানুষের পাশে থাকার মানসিকতা তাঁর মধ্যে গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হয়ে ওঠে।

কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে সাতক্ষীরা প্রাণনাথ হাইস্কুল থেকে মাধ্যমিক, খুলনা আযম খান কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক, সাতক্ষীরা সরকারি কলেজ ও সিটি কলেজে স্নাতক, খুলনা বিএল কলেজে স্নাতকোত্তর এবং সাতক্ষীরা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯০ সালে সাংবাদিকতা শুরু করেন আবুল কালাম আজাদ। কর্মজীবনে দৈনিক সাতক্ষীরা চিত্রের নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক টেলিগ্রামের সাতক্ষীরা প্রতিনিধি এবং দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দৈনিক পূর্বাঞ্চলে কাজ করার পর দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তাঁর সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য মানুষের সমস্যা, অধিকারবঞ্চনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা।

সাংবাদিক নেতৃত্বেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সাতক্ষীরার ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় ভূমিকা রেখেছেন। তাঁর হাতে গড়ে ওঠা অনেক সাংবাদিক আজ সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি নাগরিক অধিকার, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থেকেছেন তিনি। আশির দশকের মাঝামাঝি থেকে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও রাজপথে নেতৃত্ব দিয়েছেন।

সাতক্ষীরার ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম সংগঠক আবুল কালাম আজাদ দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য সচিব ছিলেন। ইসলামপুর চর আন্দোলন, খাসজমির অধিকার প্রতিষ্ঠা, জলাবদ্ধতা নিরসন, বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যার বিচার, দুর্নীতি, সন্ত্রাস ও চোরাকারবারিবিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাগরিক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি, মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী আন্দোলনেও যুক্ত ছিলেন তিনি। ভূমিহীন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে ১৯৮৮ সালের ৪ অক্টোবর থেকে প্রায় এক বছর কারাভোগ করেন।

বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব এবং সনাক-সাতক্ষীরার সভাপতি হিসেবেও স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছেন। এছাড়া কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন।

উপকূলীয় জনপদের জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন, নদী ও পরিবেশের সংকট এবং সুন্দরবন সংরক্ষণ নিয়েও দীর্ঘদিন ধরে সোচ্চার তিনি। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত সাতক্ষীরার মানুষের জীবনসংগ্রামের সঙ্গে তাঁর কর্মজীবন নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।

আমার কাছে তিনি শুধু একজন জ্যেষ্ঠ সাংবাদিক নন, প্রিয় অভিভাবক ও সাংবাদিকতার আদর্শ। তাঁর কাছ থেকে শিখেছি, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের পেশা নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বও সাংবাদিকতার অংশ। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত নিষ্ঠা ও নাগরিক আন্দোলনে সম্পৃক্ততা নতুন প্রজন্মের সাংবাদিক ও সমাজকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জন্মদিন একজন মানুষের কর্ম, আদর্শ ও সমাজে অবদানের মূল্যায়নেরও উপলক্ষ। অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিনে তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রত্যাশা, তিনি সুস্বাস্থ্য ও প্রাণশক্তি নিয়ে আগামী দিনেও সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন। উপকূলের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই জ্যেষ্ঠ সাংবাদিকের কলম ও কণ্ঠস্বর সত্য, ন্যায়, মানবিকতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আরও দীর্ঘদিন প্রেরণা জোগাক।

শুভ জন্মদিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

লেখক: জি এম আমিনুল হক
নিজস্ব প্রতিনিধি, দৈনিক পত্রদূত
সভাপতি, বিডিএফ প্রেসক্লাব
২৪ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
কালীগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, আহত ২

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) ও একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত পাড় (১৬)। আহত গোলাম হোসেন (৩০) একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ট্যাংকের ভেতরে নেমে তিনি অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে ট্যাংকে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত। পরে মহানন্দ ও আরাফাত ঘটনাস্থলেই মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।