ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০
পত্রদূত রিপোর্ট: আমদানি বাড়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। তবে আমদানি ও সরবরাহ বাড়লেও জেলা শহরের খুচরা বাজারে দাম কমার প্রভাব পড়েনি। সেখানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা পর্যন্ত, যা বন্দরের দামের দ্বিগুণেরও বেশি। রোববার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে মেসার্স ফাতেমা স্টোরে প্রতি কেজি আদা ১৪০ টাকা দরে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন জানান, দুই সপ্তাহ আগে আদার দাম ছিল ২০০ টাকা। তবে ভোমরা বন্দরে দাম কমলেও শহরের পাইকারি বাজারে সেই প্রভাব পড়েনি। রোববার সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি আদা ১২৫ থেকে ১৩০ টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। ফলে খুচরা পর্যায়ে ১৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁর।
অন্যদিকে, ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স গণি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, তাঁদের প্রতিষ্ঠান দিয়ে সম্প্রতি প্রচুর আদা আমদানি হচ্ছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ টন আদা আমদানি করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তাঁদের এজেন্টের মাধ্যমে এসব আদা আমদানি করছেন। আমদানি বেড়ে যাওয়ায় বন্দরে প্রতি কেজি আদা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ সাতক্ষীরা শহরে তা ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান, আমদানি করা ভারতীয় আদা ৯০ থেকে ১০০ টাকার বেশি দামে বিক্রি হওয়ার কথা নয়। ভোমরা বন্দরে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বেশি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, ২০২৬ মৌসুমে সাতক্ষীরায় ৬৬ হেক্টর জমিতে আদা চাষ করে ৮০৫ টন উৎপাদন হয়েছে। তবে এ উৎপাদন স্থানীয় চাহিদার তুলনায় অপ্রতুল।












