আনন্দের মাঝে একটু মানবিকতা
বাপী নাগ
এই শারদীয়া উৎসবে সবাই প্রাণভরে আনন্দ করুন, মেতে উঠুন উৎসবের উচ্ছ্বাসে, ভালো-মন্দ খাওয়া-দাওয়ায় কাটুক প্রতিটি মুহূর্ত। তবে, আনন্দের আতিশয্যে দয়া করে কেউ আমাদের গায়ে চকলেট বোম, আতশবাজি কিংবা পটকা ছুঁড়ে মারবেন না। আমরাও তো রক্ত-মাংসে গড়া জীবন্ত প্রাণ, আমাদেরও ব্যথা লাগে, আমাদেরও কষ্ট হয়। আমরা অবলা প্রাণী, আপনাদের মতো নিজেদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করতে পারি না। খেলতে খেলতে, একটু খাবারের সন্ধানে কিংবা কৌতূহলবশত এদিক-ওদিক চলে যাই।
আপনাদের কাছে যা নিছক কয়েক মুহূর্তের মজা, আমাদের কাছে তা হয়ে উঠতে পারে অসহনীয় আতঙ্ক আর যন্ত্রণার কারণ। তাই, উৎসবের আনন্দে আমাদের কষ্টে’র কারণ হবেন না। মনে রাখবেন, উৎসব তখন’ই সার্থক হয়, যখন মানুষের আনন্দে কোনো নিরীহ প্রাণীর চোখে জল আসে না।
আসুন, এবারের শারদীয়া হোক ভালোবাসার, সহমর্মিতার ও জীবের প্রতি মমত্ববোধের উৎসব।
নিজে আনন্দ করুন, অন্যকেও আনন্দে থাকতে দিনÑআমাদেরও একটু নিরাপদে বাঁচতে দিন।









