কয়রায় জলবায়ু-সহনশীল কৃষি ও উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে জলবায়ু-সহনশীল কৃষি (সিএসএ), উত্তম কৃষি চর্চা (জিএপি) ও ফলিত পুষ্টিবিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি খাতের অংশীদার, কৃষি উপকরণের খুচরা বিক্রেতা, অগ্রণী কৃষক ও যুবকরা অংশ নেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষের সভাপতিত্বে এবং উত্তরণের উপজেলা ব্যবস্থাপক জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, প্যানেল চেয়ারম্যান ফেরদাউস ঢালী, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নাজমুল হুদা, ইউপি সদস্য মহাশীষ সরদার, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শেখর চন্দ্র মণ্ডল, পরিবার কল্যাণ সহকারী দীপিকা মণ্ডল, মাস্টার জামিনি জোয়ার্দ্দার, নারী উদ্যোক্তা জোসনা বেগম, সমাজসেবিকা তাজমিরা খাতুনসহ স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতারা।
প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কয়রা অঞ্চলের কৃষি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টির সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রশিক্ষণে কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত বীজ ও সার নির্বাচন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।






