সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
সংবাদদাতা: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।
বাদশাহ শাহজাহান সেলিম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি ক্যালেন্ডার কেনার কথা বলে তাঁর কাছে আসেন। এ সময় তাঁদের একজন টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। পরে কৌশলে টাকা নিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি বিপাকে পড়েন।
বাদশাহ শাহজাহান সেলিম বলেন, অল্প পুঁজি নিয়ে ক্যালেন্ডার বিক্রি করে তাঁর সংসার চলে। প্রতিদিনের আয় দিয়েই পরিবারের খরচ চালাতে হয়। প্রতারণার ঘটনায় তাঁর ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে। এখন নতুন করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, ঘটনার দিন জেলা প্রশাসকও তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকাতেই এমন ঘটনা ঘটেছে।
প্রতারণার অভিযোগে টাকা হারিয়ে মর্মাহত সেলিম অভিযুক্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁদের শনাক্ত করতে এবং হারানো টাকা উদ্ধারে সহযোগিতার জন্য সমাজের বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ভুক্তভোগীর যোগাযোগ নম্বর: ০১৯৮৬৬২৭১৪৬। তিনি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন, যাতে হারানো পুঁজি ফিরে পেয়ে আবারও ছোট ব্যবসাটি চালু করতে পারেন।






