বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার নাকনা ও মাদারবাড়িয়ায় বিনা মূল্যে চিকিৎসা ও টিকাদান ক্যাম্প এবং ভ্রাম্যমাণ প্রচার চালানো হবে। শনিবার সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে।

 

Ads small one

সম্পাদকীয়/খাল পুনর্খননে সাতক্ষীরার কৃষিতে নতুন আশার আলো

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/খাল পুনর্খননে সাতক্ষীরার কৃষিতে নতুন আশার আলো

সাতক্ষীরার কৃষি ও জনজীবনে জলাবদ্ধতা দীর্ঘদিনের এক বড় সংকট। প্রতি বর্ষায় খাল ও নালা ভরাট হয়ে যাওয়ায় বিস্তীর্ণ বিল, ফসলি জমি এমনকি বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত; ফলে ব্যাহত হতো নিয়মিত চাষাবাদ ও স্বাভাবিক চলাচল। এই প্রেক্ষাপটে গত ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩২টি খাল পুনর্খননের উদ্যোগ যে জেলার কৃষিতে দৃশ্যমান সাফল্য এনেছে, তা নিঃসন্দেহে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এসব খাল সচল হওয়ায় আমন ও বোরো মিলিয়ে অতিরিক্ত ১ হাজার ৪৭০ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে, যার ফলে বাড়তি ধান উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় ১৬ হাজার ১১৮ মেট্রিক টনÑযার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি।

ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমোদখালি ও হাজিখালি বিলের চিত্রটি সেই সাফল্যের কথা বলছে। কৃষি বিভাগের দাবি, একসময় যেখানে মাত্র ৩৩ হেক্টর জমিতে আমন চাষ হতো, খাল পুনর্খননের পর এখন সেখানে ৪১০ হেক্টর জমিতে আমন, বোরো ও মাছ চাষ হচ্ছে; পাশাপাশি খালের পাড়ে সবজি ও ফলদ গাছের আবাদও যুক্ত হয়েছে। একই সঙ্গে কয়েক হাজার মানুষের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হয়েছে। এই অর্জন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ থাকলে প্রাকৃতিক সম্পদ ও জলনিষ্কাশন ব্যবস্থার পুনরুজ্জীবনের মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমীক্ষায় সাতক্ষীরায় মোট ১২৮টি খাল পুনর্খননের প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে। গত অর্থবছরে ৩২টি খালের কাজ শেষ হওয়ার পর চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খননের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে জেলার সামগ্রিক কৃষিচিত্র আরও বদলে যেতে পারে। সেচ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং বেসরকারি সংস্থার সমন্বয়ে প্রায় ১৩০ কোটি টাকার এই পরিকল্পনার সফল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
তবে শুধু খননকাজ সম্পন্ন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; খালগুলোর স্থায়িত্ব নিশ্চিত করা সবচেয়ে জরুরি। অনেক সময় খননের পর যথাযথ তদারকির অভাবে খালগুলো আবার ভরাট হয়ে যায় বা দখল-দূষণের শিকার হয়। তাই খননকাজের গুণগত মান বজায় রাখা, খালের পাড় সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় কৃষক ও জনগোষ্ঠীকে সম্পৃক্ত রাখার কার্যকর ব্যবস্থা থাকতে হবে। বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় জোরদার করলে বরাদ্দ অর্থের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে।
সাতক্ষীরার অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল পুনর্খননের এই ধারাবাহিকতা যদি টেকসই রূপ পায়, তবে তা শুধু অতিরিক্ত ফসল উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না; বরং গ্রামীণ কর্মসংস্থান, কৃষকের আয় বৃদ্ধি এবং জলবায়ু অভিঘাত মোকাবিলায় জেলাকে আরও সক্ষম করে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা ও স্বচ্ছ তদারকিতে এই পরিকল্পনা সফল হোকÑএটাই প্রত্যাশা।

আশাশুনিতে নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
আশাশুনিতে নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি থেকে ফাজিল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. হাকিম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সোহাগ আলম, নয়ন কুমার সাহা, মাসুম বিল্লাহ, ঝংকর ঢালীসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রহ্মরাজপুরে সহায়তা পেলেন আব্দুল্লাহ আল মামুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে সহায়তা পেলেন আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনকে ব্যবসার পুঁজি হিসেবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ইউপি সদস্য প্রার্থী মাওলানা আনিছুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা সদরের ডিবি হাইস্কুলের সামনে লেবুর রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আখের রস বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। এ জন্য আখ মাড়াইয়ের মেশিন কেনার উদ্দেশ্যে তাঁকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মাওলানা আনিছুর রহমান বলেন, আব্দুল্লাহ আল মামুনের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করতেই এ অর্থ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী তাঁর পাশে থাকার চেষ্টা করবেন।