আশাশুনিতে বৃদ্ধ বাবার জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নেওয়ার মাধ্যমে অন্য ভাই-বোনদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল জলিল সানার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল্লাহ শাহীন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কাকবাসিয়া গ্রামের মোংলাই সানার বয়স ৮৪ বছর। বয়সের কারণে তিনি স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণে অসুবিধায় ভুগছেন। এ সুযোগে তাঁর অন্য ছেলেরা এবং এক ছেলের মাধ্যমে নাতি সেনাসদস্য বিলাল হোসেন খাজরা, মনিপুর ও কাকবাসিয়া মৌজার জমি লিখে নেওয়ার চেষ্টা করছেন।
বক্তব্যে আরও বলা হয়, গত ২২ নভেম্বর বৃদ্ধ মোংলাই সানাকে ভুল বুঝিয়ে আশাশুনি সদরে নিয়ে জমি হস্তান্তরের দলিল তৈরির প্রক্রিয়া শুরু করা হয়। বিষয়টি জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলেও আব্দুল জলিল সানা বাধার মুখে পড়েন। প্রায় আট বিঘা জমি লিখে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি দাবি করেন।
এ সময় আব্দুল জলিল সানা জানান, তাঁর বাবাকে লুকিয়ে রাখার অভিযোগে তিনি থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি তাঁকে নিজের বাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন। সংবাদ সম্মেলনে তাঁর দুই বোন শাহানারা খাতুন ও জাহানারা খাতুন উপস্থিত ছিলেন। তাঁরা বাবার সম্পত্তি রক্ষা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।









