বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মরাজপুরে সহায়তা পেলেন আব্দুল্লাহ আল মামুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে সহায়তা পেলেন আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনকে ব্যবসার পুঁজি হিসেবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ইউপি সদস্য প্রার্থী মাওলানা আনিছুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা সদরের ডিবি হাইস্কুলের সামনে লেবুর রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আখের রস বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। এ জন্য আখ মাড়াইয়ের মেশিন কেনার উদ্দেশ্যে তাঁকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মাওলানা আনিছুর রহমান বলেন, আব্দুল্লাহ আল মামুনের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করতেই এ অর্থ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী তাঁর পাশে থাকার চেষ্টা করবেন।

Ads small one

আশাশুনিতে বৃদ্ধ বাবার জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
আশাশুনিতে বৃদ্ধ বাবার জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নেওয়ার মাধ্যমে অন্য ভাই-বোনদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল জলিল সানার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল্লাহ শাহীন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কাকবাসিয়া গ্রামের মোংলাই সানার বয়স ৮৪ বছর। বয়সের কারণে তিনি স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণে অসুবিধায় ভুগছেন। এ সুযোগে তাঁর অন্য ছেলেরা এবং এক ছেলের মাধ্যমে নাতি সেনাসদস্য বিলাল হোসেন খাজরা, মনিপুর ও কাকবাসিয়া মৌজার জমি লিখে নেওয়ার চেষ্টা করছেন।
বক্তব্যে আরও বলা হয়, গত ২২ নভেম্বর বৃদ্ধ মোংলাই সানাকে ভুল বুঝিয়ে আশাশুনি সদরে নিয়ে জমি হস্তান্তরের দলিল তৈরির প্রক্রিয়া শুরু করা হয়। বিষয়টি জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলেও আব্দুল জলিল সানা বাধার মুখে পড়েন। প্রায় আট বিঘা জমি লিখে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি দাবি করেন।
এ সময় আব্দুল জলিল সানা জানান, তাঁর বাবাকে লুকিয়ে রাখার অভিযোগে তিনি থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি তাঁকে নিজের বাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন। সংবাদ সম্মেলনে তাঁর দুই বোন শাহানারা খাতুন ও জাহানারা খাতুন উপস্থিত ছিলেন। তাঁরা বাবার সম্পত্তি রক্ষা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান এবং মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞা লাবণী দাশ তুলির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফয়সাল সরদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. খালিদ হাসান নয়ন, ডা. সাব্বির হোসেন, ডা. ইউনুজ্জামান, প্রধান সহকারী আজিজুর হক, এসএম জাহাঙ্গীর আলম, মো. সাইদুর রহমান, মাহমুদা খানম, খদেজা পারভীন ও নিলীমা পারভীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানান। অনুষ্ঠানে তাঁদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা

তালা প্রতিনিধি: তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উত্তরণ আইডিআরটিতে এ সভা অনুষ্ঠিত হয়। পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকিরের সভাপতিত্বে এবং উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় কপোতাক্ষ নদসহ বিভিন্ন নদ-নদীর বর্তমান অবস্থা, ভরাট, খনন, জোয়ারাধার ব্যবস্থাপনা (টিআরএম) বাস্তবায়ন এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা নদ-নদীর নাব্যতা সংকট ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ তুলে ধরে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলীসহ পানি কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রকৌশলী মো. আজমাইন, আদিল নাকিব, মো. ওয়াহিদুর রহমান খান ও মুরছালিন ইবনে মাহাবুব বিভিন্ন নদ-নদীর বর্তমান চিত্র ও করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন।