আশাশুনিতে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় কর্মরত সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। শুদ্ধাচার, নৈতিকতা এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আশাশুনি সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী। দিনব্যাপী এই কর্মশালায় দলিল লেখকদের ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন আইনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ভূমি আইন ও রেজিস্ট্রেশন আইন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন। দলিল লিখন ও ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের নিয়মাবলি।
কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালাইসলামকাটি অফিসের সাব-রেজিস্ট্রার মাহমুদুর রহমান। আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশ নির্মল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান সহকারী শেখ আব্দুল জব্বার ও স্থায়ী মোহরার মীর রফিকুজ্জামান সান্টু।
প্রশিক্ষণে আশাশুনি উপজেলার ৪৪ জন সনদপ্রাপ্ত দলিল লেখক অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুদ্দোজা বদর, রাবিদ মাহমুদ চঞ্চল, দীপংকর কুমার মন্ডল, মোরশেদ মাহবুব লিপ্টন, আহসান হাবীব, বরুণ কুমার কাজল ও স ম ইসহাকসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে মিন্টু চক্রবর্তী বলেন, সাধারণ মানুষ যাতে জমি রেজিস্ট্রেশন করতে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং আইনি জটিলতা এড়াতে সঠিক নিয়মে দলিল লেখা হয়, তা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন। তিনি দলিল লেখকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।










