আশাশুনিতে শিব ও কালী মন্দির পরিদর্শনে সংসদ সদস্য রবিউল বাশার
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন ও মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। সোমবার (১ জুন) সফরসঙ্গীদের নিয়ে তিনি মন্দিরটিতে যান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং মন্দির কমিটির সচ্চিদানন্দ দে সদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শনে আসায় সংসদ সদস্যসহ অতিথিদের ধন্যবাদ জানান মন্দির কমিটির সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।












