উপকূল রক্ষায় প্লাস্টিক বর্জন ও ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’-এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশন এবং এএলআরডির যৌথ সহযোগিতায় হেড এই অনুষ্ঠান আয়োজন করে।
হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিকউদ্দৌলা সাগর। হেডের নির্বাহী কমিটির সহকারী সম্পাদক রেহেনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী এবং হেডের প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম অন্তর। অনুষ্ঠানে হেডের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের তরুণ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা নিজেদের অস্তিত্ব রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পাশাপাশি দেশজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণ সায়ের খালের পাড়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ ও স্থানীয় যুবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।








