জাহানাবাজ বিলে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, দর্শকদের ঢল
সংবাদদাতা: আবহমান গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এবং গ্রামীণ মানুষকে বিনোদন দিতে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সংলগ্ন ঐতিহ্যবাহী জাহানাবাজ আধার মানিক বিলে জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা, ধুলিহর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আছাদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, ছাত্রদল নেতা মো. রিপন হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ঘোড়ার মধ্যে ২০ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে যশোরের বাঘারপাড়ার ঘোড়া ‘রাইসান’ (সওয়ারি যুবরাজ)। ১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে খুলনার ‘পাখি’, ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় কুশখালীর ‘রানী’, চতুর্থ গোপালগঞ্জের ‘মাহির রাজ’ এবং পঞ্চম স্থান অধিকার করেছে নড়াইলের আলামিনের ঘোড়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঘোড়াদৌড় গ্রামীণ সংস্কৃতির এক অনন্য অংশ। অপসংস্কৃতির ভিড়ে এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদন দিতে দারুণ ভূমিকা রাখবে। পরে অতিথিরা বিজয়ী সওয়ারিদের হাতে পুরস্কার তুলে দেন। প্রাচীন এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিবছর এমন আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিযোগিতাটি পরিচালনা করেন মো. আব্দুল্লাহ সানা এবং সফল করতে মূল ভূমিকা রাখেন আয়োজক কমিটির সদস্য মো. দিদারুল ইসলাম খোকা, মো. সাইফুল্লাহ ও মো. শহিদুল ইসলাম।








