মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ককরোচ পার্টির কঠোর অবস্থান, পদত্যাগ নিয়ে আপস করবে না

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
ককরোচ পার্টির কঠোর অবস্থান, পদত্যাগ নিয়ে আপস করবে না

কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের অবস্থান আরও কঠোর করেছে। শনিবার সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট করে জানান, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে আর আলোচনার কোনও অর্থ নেই।

রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও আপস হবে না।’

শুক্রবার বিকালে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন।

তৃতীয় দফার বৈঠক শনিবার (২৫ জুলাই) বিকালে হওয়ার কথা আছে। কারণ মন্ত্রীরা সিজেপি প্রতিনিধিদের জানিয়েছেন, যে তারা তাদের দাবিগুলো নিয়ে আবার আলোচনা করবেন।

মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ডমোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
সিজেপি তিনটি দাবি জানিয়েছে— ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ।

শুক্রবারের বৈঠকে কেন্দ্র নীতিগতভাবে আন্দোলনকারীদের দুটি প্রধান দাবি মেনে নিতে সম্মত হয়েছে। এ দুটি হলো-আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও প্রধান অচলাবস্থার কারণ হয়ে রয়েছে।

এদিকে যেখানে আন্দোলনকারীরা বলছেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘আপসহীন দাবি’, সেখানে সরকারি একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে মন্ত্রীর পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

সূত্র: এনডিটিভি

Ads small one

নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৮ লক্ষ টাকা মূল্যের চার বোতল জে অ্যান্ড বি মার্টিনি নামের মাদকদ্রব্য জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

 

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকা থেকে জে অ্যান্ড বি মার্টিনি নামক মাদকদ্রব্য জব্দ করে।

পরবর্তীতে পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী, এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। পরীক্ষা শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) ১৭ বিজিবি তথ্য জানান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে উল্লেখিত মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট সিজার মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তিনি।

এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলার পাশাপাশি নারীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমণির একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদও জানান। তার এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই।

পরীমণি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জীবনে বারবার নানা ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’

পরীমণির বক্তব্যে স্পষ্ট, এ ধরনের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী

বর্তমান সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায়। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ওই মহলটি আগে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, যা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এখন তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় অবস্থিত ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন এবং দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, তারা সংসদে এসে কথা বলুক। তাদের বক্তব্য শুনতে চাই। জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনও কথা থাকলে আমরা তা গ্রহণ করতে রাজি আছি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য সরকার কাজ করছে। দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য। এ জন্য তিনি জনগণের আরও কাছাকাছি যেতে চান এবং সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করছি। নিরাপদ বাংলাদেশ গঠনে আমি আবারও দেশবাসীর সহযোগিতা চাই।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য সেই যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

তিনি আরও বলেন, মাত্র দুই বছর আগে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তাতেও ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ রাজপথে নেমে এসেছিলেন। তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করা হয়েছিল। এখন সরকার আগামীর বাংলাদেশকে শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।

নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আমরা জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। হয়তো কোনও অঞ্চলে আমরা জয়ী হয়েছি, কোনো অঞ্চলে হইনি। কিন্তু আমরা মনে করি, দেশের সব মানুষ আমাদের নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন। সে কারণে দেশের সব অঞ্চলে সমভাবে উন্নয়ন করতে চাই।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর মহানগরীর উন্নয়নে একনেকের সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরের জেলা ও উপজেলাগুলোর অবকাঠামো এবং সড়ক উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১২টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজারো নারী-পুরুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক দেন। এ ছাড়া মন্দিরের দরিদ্র ও মেধাবী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ছয়তলা ভবন নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সাহেব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।