বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কণ্ঠশিল্পী রত্নার মায়ের মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
কণ্ঠশিল্পী রত্নার মায়ের মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের শোক

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্নার মা ফিরোজা হোসেন মঙ্গলবার বেলা ৩টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বুধবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমা ফিরোজা হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Ads small one

সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাত কেটে গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় এক তরুণীও উপস্থিত ছিলেন। সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা।

একই কথা বলেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস। তিনি বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’

এদিকে হামলাকারীর পরিচয় জানা গেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এরই মধ্যে হামলার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তার ওপর চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং কোপ দেন। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড় দেন হাসিব।

এ বিষয়ে রিসোর্টটির ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে।’

বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিন দিন আগে হাসিব ওই রিসোর্টে ওঠেন। সঙ্গে থাকা তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়েছেন। আজ চেক আউট করে তিনি ও ওই তরুণী রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। এ সময় দেখা যায় তার বাঁ হাতের অকেকটাই কেটে গেছে। আমরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেছি। কিছুক্ষণ পর আবার অটোরিকশায় করে রেলস্টেশনে গেছেন তারা। পরে তারা কোথায় গেছেন, তা আমাদের জানা নেই।

এ বিষয়ে জানতে হাসিব আল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে কথার চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।’

হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, ‘চাপাতির কোপে হাসিবের হাতে জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।’

হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আরও বলেন, ‘নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এমন সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারে থাকা সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা বলেন, ‘আমি রিসোর্টে থাকি না। আমাদের ম্যানেজার রিসোর্টটির সার্বিক বিষয় দেখভাল করেন। হামলার পর খবর নিয়ে যতটুকু জেনেছি স্ত্রীকে নিয়ে গত রবিবার রিসোর্টে উঠেছিলেন হাসিব। আজ তার চলে যাওয়ার কথা ছিল। যাওয়ার পথেই হামলার ঘটনাটি ঘটেছে। যা অত্যন্ত ন্যক্কারজনক। হামলার খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন ও ডিবি পুলিশ আমাদের রিসোর্টে গেছেন। তারা ঘটনার তদন্ত করছেন।’

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে আনা বিলের তিনটি ধারা চূড়ান্ত জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) থেকে বাদ দিতে কংগ্রেস নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর।

মঙ্গলবার কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে লেখা এক যৌথ চিঠিতে ক্রিস ভ্যান হোলেন, বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেনসহ ১২ জন সিনেটর লিখেছেন, আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে চূড়ান্ত বিল থেকে এই তিনটি ধারা বাদ দেওয়া হোক। এমন এক সময়ে ধারাগুলো যুক্ত করা হয়েছে যখন ইসরায়েল সরকারের পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মূল্যবোধকে ক্রমাগত ক্ষুণ্ন করছে।

সিনেটররা যুক্তি দেন, ধারাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সীমিত করবে। এ ছাড়া গাজায় ইসরায়েলের গণহত্যা এবং পশ্চিম তীরসহ পুরো অঞ্চলে দেশটির নীতি সত্ত্বেও ওয়াশিংটনকে অনির্দিষ্টকালের জন্য প্রতিশ্রুতিবদ্ধ করে ফেলবে।

চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার যুদ্ধ ও বায়োটেকনোলজির মতো সংবেদনশীল সামরিক প্রযুক্তি বিনিময়ের জন্য ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ’ গঠনের প্রস্তাবকে নিশানা করা হয়। আইনপ্রণেতারা সতর্ক করেন, ন্যাটো মিত্রদের সঙ্গেও মার্কিন সরকার সাধারণত এসব প্রযুক্তি বিনিময় করে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ব্লুপ্রিন্টকে ‘সহায়তা থেকে অংশীদারত্বের’ রূপান্তর হিসেবে জাহির করছেন, যা মূল স্বচ্ছ সামরিক অর্থায়নের পথকে ধোঁয়াশাপূর্ণ করার একটি কৌশল।

এ ছাড়া সিনেটররা বিলের ৬১৮ ধারা বাদ দেওয়ার দাবি জানান, যা ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কমানো বা স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্টের হাত বেঁধে ফেলবে। সিনেটরদের মতে, সম্প্রতি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) ইসরায়েল থেকে কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকিকে ‘সর্বোচ্চ পর্যায়ে’ উন্নীত করার পর প্রেসিডেন্টের এই ক্ষমতা সীমিত করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

স্বর্ণের দাম ফের কমলো

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
স্বর্ণের দাম ফের কমলো

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ২২০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৯৩ টাকা। এর আগে ৬ নভেম্বর নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯৩৭ টাকা।

বুধবার (১১ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অলংকারের বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৬ নভেম্বরও একই দামে রুপা বিক্রির সিদ্ধান্ত জানিয়েছিল বাজুস। ফলে নতুন ঘোষণায় রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

এ বছর ১৩৩ বার সমন্বয় স্বর্ণের দাম

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের ঘটনা দাঁড়িয়েছে ১৩৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দাম সমন্বয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার প্রভাবে দেশের বাজারেও ঘন ঘন দাম পরিবর্তন করতে হচ্ছে।