বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।
নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।
অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।









