উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় এক লড়াকু জনপদের জীবনসংগ্রাম
তারিক ইসলাম
বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ প্রান্তজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ উপকূলীয় জনপদ কেবল কিছু ভূখণ্ড বা দ্বীপের সমাহার নয়; এটি দেশের প্রাকৃতিক সুরক্ষাবলয়, অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এবং অবিরাম জীবনসংগ্রামের এক জীবন্ত ক্যানভাস। বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলের কোটি কোটি মানুষের নিত্যদিনের সঙ্গী বৈরী প্রকৃতি, প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস, সর্বগ্রাসী নদীভাঙন ও সুপেয় পানির তীব্র সংকট। প্রকৃতির এমন বৈরী পরিস্থিতির সঙ্গে লড়াই করেই উপকূলের মানুষকে প্রতিনিয়ত বেঁচে থাকতে হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত কয়েক দশকে এই জনপদের সংকট বহুগুণ বেড়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলবাসীর জীবন আজ চরম অনিশ্চয়তার মুখে। বিশেষ করে লবণাক্ততার আগ্রাসনে ফসলি জমির উৎপাদনশীলতা কমে যাওয়া এবং নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। অনেকে বাধ্য হচ্ছেন বাপ-দাদার আবাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে। সবকিছু হারিয়ে শূন্য হাতে উপকূলে টিকে থাকার লড়াই যেন এক অবর্ণনীয় জীবনসংগ্রাম।
এই সংগ্রামের ইতিহাস খুঁজতে আমাদের ফিরে তাকাতে হয় ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঠিক আগে, ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ লণ্ডভণ্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। কয়েক ঘণ্টার জলোচ্ছ্বাসে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বহু জনপদ ও পরিবার। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাণঘাতী ঘূর্ণিঝড়। এ দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন কয়েক লাখ মানুষ। সাগর, নদী ও খালের পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহের ভয়াবহ দৃশ্য বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল।
সেই প্রলয়ের ক্ষত ও শোককে শিল্পের মাধ্যমে অমর করে রেখেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। ১৯৭০ সালের নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর তিনি ক্ষতিগ্রস্ত মনপুরা এলাকা ঘুরে ধ্বংসলীলার চিত্র ধারণ করেছিলেন তাঁর শিল্পকর্মে। তাঁর বিখ্যাত ২৮ ফুট দীর্ঘ চিত্রকর্ম ‘মনপুরা ৭০’-এ ফুটে উঠেছে ঘূর্ণিঝড়ে উপকূলের দ্বীপ ও জনপদের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে বিরান ভূমিতে পরিণত হওয়ার মর্মস্পর্শী চিত্র।
দেশের প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা ও ১৪৭টি উপজেলার সঙ্গে জড়িয়ে রয়েছে মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জীবন-জীবিকা। মৎস্যসম্পদ, কৃষি, লবণশিল্পসহ বিভিন্ন খাতের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উপকূলের অবদানও গুরুত্বপূর্ণ। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাতের শিকার হচ্ছেন এই অঞ্চলের প্রান্তিক মানুষ।
উপকূলের বহুমুখী সংকট ও অপার সম্ভাবনা তুলে ধরা, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণের জন্য একটি বিশেষ দিন ঘোষণা এখন সময়ের জোরালো দাবি। উপকূলীয় জনপদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও একটি নির্দিষ্ট দিন বিশেষ তাৎপর্য বহন করতে পারে।
ইতিহাসের সেই ভয়াল ১২ নভেম্বরকে স্মরণ করে এবং উপকূলবাসীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে বেসরকারিভাবে ‘উপকূল দিবস’ পালিত হয়ে আসছে। সাধারণ মানুষ, পরিবেশকর্মী ও গবেষকদের এই উদ্যোগ ইতিমধ্যে জনদাবিতে রূপ নিয়েছে।
উপকূল বাঁচলে তবেই বাঁচবে বাংলাদেশ। দক্ষিণের এই প্রান্তিক জনপদের সুরক্ষা, উপকূলবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করা হোক। এটাই উপকূলের মানুষের পাশাপাশি সর্বস্তরের সচেতন নাগরিকের প্রাণের দাবি।
লেখক: তারিক ইসলাম
সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।









