মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কপিলমুনিতে জেলা প্রশাসকের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
কপিলমুনিতে জেলা প্রশাসকের মতবিনিময়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি সহচরী বিদ্যা মিন্দর স্কুল এন্ড কলেজের ১০০ বছর উদযাপনের এক প্রস্তুতি সভায় স্থানীয়দের সাথে মত বিনিময় করেছেন খুলনা জেলা প্রশাসক ও শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি হুরে জান্নাত। সোমবার বিকেল ৪টায় সহচরী বিদ্যা মন্দিরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানটি উদযাপনে বিভিন্ন দিক নির্দেশনা দেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজা ফাতেমা লিজা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান, চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ কে এম সাঈদ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, এম এম বুলবুল আহমেদ, মুস্তাফিজুর রহমান পারভেজ, মো. হাসানুজ্জামান, এম আজাদ হোসেন প্রমুখ।

Ads small one

‎ভোমরা কাস্টম হাউসে বড় রাজস্ব ঘাটতি: লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকা কম আদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
‎ভোমরা কাস্টম হাউসে বড় রাজস্ব ঘাটতি: লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকা কম আদায়

এম শফিকুল ইসলাম: সদ্য সমাপ্ত ২০২২৫-২৬ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২০৬৪ কোটি ৮৯ লাখ টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা। ফলে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৫০ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকা। কাস্টম হাউসের জনপ্রশাসন দপ্তর থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিগত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এবার রাজস্ব আদায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক মন্দা, দ্বিপক্ষীয় টানাপোড়েনে আমদানি হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি এবং শুল্কায়ন কাঠামোর পরিবর্তনের কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। অবশ্য কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফাঁকি রোধে কঠোর নজরদারি ও উন্নত পরিকল্পনার কারণে সম্ভাব্য আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ নানা সংকটের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য খাত। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা এবং ডলার সংকটের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে দুশ্চিন্তা কাটছে না। ফলে সামগ্রিক বাণিজ্য সক্ষমতা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সাম্প্রতিক সময়ে বহুমুখী সমস্যায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসা কমে যাওয়ায় রাজস্ব খাতে এই বড় ধাক্কা লেগেছে। ঘাটতি কাটিয়ে উঠতে এখন সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।

ভোমরা কাস্টম হাউসের কমিশনার জানিয়েছেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন রাজস্ব আহরণ কৌশল নির্ধারণ করা হচ্ছে। নতুন বাজেটের আওতায় ব্যবসাবান্ধব উদ্যোগের পাশাপাশি রাজস্ব বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

জাহাজমারী খালপাড়ে ইউএনও আরিফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
জাহাজমারী খালপাড়ে ইউএনও আরিফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

পত্রদূত রিপোর্ট: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং খালপাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাহাজমারী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় ৫০টি কদবেল ও ৫০টি জামের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া গাছের সুরক্ষা ও পরিচর্যার জন্য ২০০টি বাঁশের চটা, ১৬০ কেজি জৈব সার এবং ব্লু নেট বিতরণ করা হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের জাহাজমারী খালপাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ জাহাজমারী খালের পুনঃখনন ও পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করেছে। খালটির দীর্ঘমেয়াদি সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয়দের নিয়ে গঠন করা হয়েছে জাহাজমারী খাল ব্যবস্থাপনা কমিটি। সেই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং খাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জাহাজমারী খাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে কদবেল ও জামের চারা আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পরে তিনি নিজ হাতে খালপাড়ে একটি কদবেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি খালের স্থায়িত্ব নিশ্চিত করতে শুধু খননই নয়, এর চারপাশের পরিবেশ সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। দেশীয় ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে খাল ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম, ইউপি সদস্য মনোয়ারা খাতুন ও মো. বিল্লাল হোসেন, জাহাজমারী খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার গোলাম মশিউর রহমান, উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার মো. মাজহারুল ইসলাম, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, জাহাজমারী খাল পুনরুদ্ধারের পর এর পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, খালপাড়ে সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে খাল সংরক্ষণের লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তাদের আশা, রোপণ করা কদবেল ও জামের গাছ ভবিষ্যতে খালপাড়কে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে এবং জলবায়ু সহনশীল একটি টেকসই জনপদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

কলারোয়ায় ছোটো ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা বড়ো ভাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
কলারোয়ায় ছোটো ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা বড়ো ভাইয়ের

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ছোটো ভাইয়ের বসতবাড়ি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে বড়ো ভাইয়ের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে কলারোয়া পৌর সদরের মুরারিকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই সুভাষ পোদ্দার বাদী হয়ে বড় ভাই গোপাল পোদ্দারের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগের বিবরণে জানা যায়, কলারোয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ডের মুরারিকাটি গ্রামের হরিপদ পোদ্দারের বড়ো ছেলে গোপাল পোদ্দার পিতার ভিটাবাড়ির পৈত্রিক সম্পত্তি ছোটো ভাই সুভাষ পোদ্দারের নিকট ২০০৭ সালে বিক্রি করে পার্শ্ববর্তীতে ৬নং ওয়ার্ডে বসবাস করে। সম্প্রতি আরও দুই শতক জমি দাবি করে। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশি বৈঠকে গোপাল পদ্মার কোনো জমি পাবে না বলে শালিসদাররা জানিয়ে দেন এবং উভয় পক্ষের স্বাক্ষরিত একটি চুক্তিনামা হয়।

 

এরপরও গত ৬ জুলাই রাত ৯ টার দিকে গোপাল পোদ্দার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে ছোটো ভাইয়ের বসত বাড়িতে গিয়ে মারপিট ও ভাঙচুর শুরু করে এবং বসতবাড়ি দখল করার চেষ্টা চালায়। এ সময় ছোটো ভাই সুভাষ পোদ্দারের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের রক্ষা করে। পরবর্তীতে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালিয়ে যায়।

 

বড়ো ভাই গোপাল পোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, শালিসের বৈঠকে তার নিকট থেকে জোরপূর্বক সই করে নিয়েছিল। আমি ছোটো ভাই সুভাষ পোদ্দারের নিকট দুই শতক জমি পাবো। কিন্তু দেয় না। তাই ওই দিন রাতে দখল নিতে গিয়েছিলাম।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।