জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কাজী সাজেদুর রহমান
পত্রদূত ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হয়েছেন সাতক্ষীরার কৃতী সন্তান ও দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’-এর ব্যবস্থাপনা সম্পাদক কাজী সাজেদুর রহমান। গত ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২(ক) অনুযায়ী তাঁর ছয় মাসের অস্থায়ী সদস্যপদ শেষে স্থায়ী সদস্যপদ অনুমোদন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অনুমোদিত ৪১১ সদস্যের তালিকায় ৩৬২ নম্বরে রয়েছে কাজী সাজেদুর রহমানের নাম।
কাজী সাজেদুর রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র। তাঁর জন্ম সাতক্ষীরা জেলায়। তিনি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি, খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পড়াশোনা শেষে ব্যবসায় যুক্ত হয়ে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে তিনি কেপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ডিসপোজেবল পেপার কাপ উৎপাদন করে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী সাজেদুর রহমান বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর লেখা ‘উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা’ এবং ‘প্রকল্প’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ অর্জন তাঁর কর্মজীবনে নতুন সংযোজন।












