কয়রায় জমি জোরপূর্বক দখলের অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার নয়ানি গ্রামে দেবব্রত বৈদ্য নামের এক ব্যক্তির মালিকানাধীন ৮ শতক ভিটা জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মধু বৈদ্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ানি গ্রামের বাসিন্দা দেবব্রত বৈদ্য ২০২৫ সালে একই এলাকার জগদীশ মন্ডলের কাছ থেকে ১ বিঘা ৬ কাঠা জমি ক্রয় করেন। এর মধ্যে ৩৪ শতক বিলান জমি এবং ৮ শতক ভিটা রয়েছে। সম্প্রতি দেবব্রত বৈদ্য ধান কাটার কাজে এলাকার বাইরে গেলে সেই সুযোগে মৃত বনমালী বৈদ্যের ছেলে মধু বৈদ্য ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে মাটি কেটে ওই ৮ শতক ভিটা জমি দখল করে নেন এবং সেখানে একটি ঘর নির্মাণ করেন। জমি দখলের সময় স্থানীয় লোকজন বাধা দিলেও তিনি তা তোয়াক্কা করেননি।
ক্ষতিগ্রস্ত দেবব্রত বৈদ্য বলেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দিয়ে জমিটুকু কিনেছিলেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে জমিটি জোরপূর্বক দখল করা হয়েছে। বাধা দেওয়ায় উল্টো তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মধু বৈদ্য ফোনে জানান, তিনি কারও জমি দখল করেননি। জমিটি ফেরত পেতে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।






